আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে আগামী ইংরেজি নববর্ষের পর দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২২ নভেম্বর রোববার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনো চলছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশ তিনি। তাঁর অভিযোগ, ইরানি আলোচকেরা আলোচনার নামে সময়ক্ষেপণ করছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আগের চেয়ে বেশি আগ্রাসী আচরণ করছেন।
ইরানি আলোচকদের ‘পেশাদার ট্যাপ ড্যান্সার’ হিসেবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা সারাক্ষণই কথা বলে। তারা শুধু কথাই বলে যায়, কিন্তু এর সবই অর্থহীন বুলি।’
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাও অব্যাহত রয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যকর রয়েছে। এর মধ্যেই অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানি জাহাজগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়ংস্টকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি জাহাজ অবরোধ অমান্য করার চেষ্টা করলে কী হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি আশা করি, তারা চেষ্টা করবে। করলে বাকি নৌবাহিনীর মতো তারাও সমুদ্রের তলদেশে চলে যাবে।’
এদিকে ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের ভিডিও দেখার পর আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও দুই দেশের মধ্যে উত্তেজনা কমার লক্ষণ নেই। বরং কূটনৈতিক সমঝোতা না হলে নতুন বছরের পর আবারও সামরিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available