ইরানের শীর্ষ নিরাপত্তা পদে বড় রদবদল, নতুন সচিব মোহসেন রেজাই
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শীর্ষ নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাবেক প্রধান মোহসেন রেজাই।৯ আগস্ট রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ডিক্রির মাধ্যমে রেজাইকে এই পদে নিয়োগ দেন বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপপ্রধান সাইয়েদ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আগের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের পদত্যাগ এবং নতুন দায়িত্ব গ্রহণের বিষয় বিবেচনায় নিয়ে রেজাইকে নিয়োগ দেওয়া হয়েছে।এর কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিরাপত্তা কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবেও মোহসেন রেজাইকে মনোনীত করেন। ইরান-ইরাক যুদ্ধের সময় রেজাইয়ের ভূমিকা ও দীর্ঘ সামরিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা ১৬ বছর আইআরজিসির নেতৃত্ব দেন। বর্তমানে তিনি এক্সপেডিয়েন্সি ডিসকার্নমেন্ট কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য। চলতি বছরের মার্চে তিনি সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান।অন্যদিকে, সদ্য সাবেক নিরাপত্তা কাউন্সিল সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোজতবা খামেনি।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই দেশটির শীর্ষ নিরাপত্তা কাঠামোয় এই পরিবর্তন এলো। নতুন সচিব হিসেবে রেজাইয়ের নিয়োগকে ইরানের নিরাপত্তা ও সামরিক নীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।সূত্র: আনাদোলু এজেন্সি