আন্তর্জাতিক ডেস্ক: জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অর্থায়ন নিয়ে মতবিরোধের জেরে কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ৩১তম আসর (কপ-৩১)। তুরস্কের আন্তালিয়ায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এ সম্মেলনে শেষ পর্যন্ত সামগ্রিক চুক্তিতে পৌঁছাতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। নির্ধারিত সময়ের প্রায় দুই দিন পর সম্মেলন শেষ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে মতৈক্য হয়নি।
২২ নভেম্বর রোববার সম্মেলনের সমাপনী অধিবেশনে এ অচলাবস্থা স্পষ্ট হয়। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকা এবং জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়নের প্রতিশ্রুতিতে অস্পষ্টতার কারণে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করে।
দুই সপ্তাহের দর-কষাকষির পর সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুমের নেতৃত্বে ‘আন্তালিয়া চুক্তি’ নামে একটি চূড়ান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে প্রস্তাবটিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার বিষয়ে কোনো উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন এতে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। খবর রয়টার্সের।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত চুক্তিটি জলবায়ুবিষয়ক বৈজ্ঞানিক তথ্য ও সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে সম্মেলনের সামগ্রিক সিদ্ধান্তটি গ্রহণ করা সম্ভব হয়নি।
পানামাসহ কয়েকটি দেশও প্রস্তাবটির বিরোধিতা করে। তাদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় এ ধরনের দুর্বল সিদ্ধান্ত বৈশ্বিক উদ্যোগকে পিছিয়ে দেবে। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে দেশগুলোর ব্যর্থতার বিষয়টিও চুক্তিতে স্পষ্টভাবে স্বীকার করা প্রয়োজন।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্বের সংকটে থাকা মার্শাল দ্বীপপুঞ্জও প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে। দেশটির পক্ষ থেকে বলা হয়, ‘জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করবো না।’
অন্যদিকে রাশিয়া ও সৌদি আরবের মতো দেশগুলো চুক্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধের বিষয়টি উল্লেখ করার বিরোধিতা করে। পাকিস্তান ও ঘানাসহ কয়েকটি দেশও প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়।
জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধ
সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর অন্যতম প্রধান দাবি ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্থায়ন বাড়ানো। বিশেষ করে বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও অন্যান্য চরম আবহাওয়াজনিত ক্ষতি সামাল দেওয়া এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত করার দাবি জানায় তারা।
উন্নয়নশীল দেশগুলো আলোচনার ব্যর্থতার জন্য ইউরোপীয় ইউনিয়নসহ ধনী দেশগুলোকে দায়ী করেছে। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থায়ন বাড়াতে উন্নত দেশগুলো যথেষ্ট উদ্যোগ নেয়নি।
সম্মেলনের চূড়ান্ত খসড়া প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন তহবিল অন্তত তিন গুণ করার লক্ষ্যে একটি বাস্তবায়ন রূপরেখা তৈরির কথা বলা হয়েছিল। তবে অর্থায়নের সুনির্দিষ্ট ভিত্তি ও বাস্তবায়নের ধাপ নিয়ে স্পষ্টতা ছিল না।
খসড়ায় উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন কার্যক্রমে অর্থের প্রয়োজনীয়তা এবং বিদ্যমান অর্থায়নের ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। তবে এসব প্রস্তাব সামগ্রিক চুক্তিতে ঐকমত্যের অভাবে গৃহীত হয়নি।
জীবাশ্ম জ্বালানি নিয়ে সমঝোতা না হলেও নতুন উদ্যোগ
আনুষ্ঠানিক আলোচনায় জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার বিষয়ে দেশগুলো একমত হতে না পারলেও এ বিষয়ে পৃথক একটি উদ্যোগ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ‘ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েলস’ নামে পরিচিত এ উদ্যোগের লক্ষ্য জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো।
টুভালুর জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মাইনা তালিয়া বলেন, শুধু চুক্তির ভাষায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না, সেই বিতর্ককে পেছনে রেখে এ উদ্যোগ এগিয়ে যাবে। বৈশ্বিক জ্বালানি রূপান্তরের জন্য বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হবে।
এদিকে আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে জাতীয় পর্যায়ে পরিকল্পনা তৈরি করেছে বা তৈরির কাজ করছে।
তবে এসব উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাকশনএইড যুক্তরাষ্ট্রের নীতি ও প্রচারণাবিষয়ক পরিচালক ব্র্যান্ডন উ। তিনি এসব পরিকল্পনাকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘‘কপ-৩১ ছিল ইতিহাসের অন্যতম হতাশাজনক কপ সম্মেলন৷ কারণ ইইউ ও অন্যান্য উন্নত দেশগুলো সংহতি, সহযোগিতা বা সমঝোতার কোনো মনোভাব নিয়ে আলোচনায় আসেনি৷ তারা যেন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলছে, ‘‘তোমরা মারা গেলেও আমাদের কিছু যায় আসে না৷”
জলবায়ু সংকটের মধ্যে ব্যর্থ সম্মেলন
এবারের কপ-৩১ সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠছে। বৈশ্বিক তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সীমা অতিক্রম করার আশঙ্কা ক্রমেই বাড়ছে।
সম্মেলনের আলোচনায় দেশগুলোকে তাপমাত্রা বৃদ্ধি যতটা সম্ভব সীমিত রাখার আহ্বান জানানো হয়। খসড়া প্রস্তাবে বলা হয়েছিল, তাপমাত্রা যতটুকুই বাড়ুক না কেন, তা মানুষ ও প্রকৃতির জন্য ক্রমবর্ধমান ক্ষতি এবং কিছু ক্ষেত্রে অপরিবর্তনীয় ঝুঁকি তৈরি করবে।
এ ছাড়া গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে দ্রুত ও টেকসই পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এসব বিষয়ে দেশগুলোর মধ্যে কার্যকর সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক সময়ে ইউরোপে প্রাণঘাতী তাপপ্রবাহ, নেপালে হিমবাহ গলে সৃষ্ট বন্যা এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে বন্যা, খরা ও শক্তিশালী ঝড়ের মতো দুর্যোগ জলবায়ু সংকটের ভয়াবহতা সামনে এনেছে। একই সময়ে ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানির বাজারে অনিশ্চয়তা জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ এবং জ্বালানি নিরাপত্তার প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
সম্মেলনের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে সামগ্রিক চুক্তিতে ঐকমত্য না হলেও জলবায়ু অর্থায়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরসহ কিছু পৃথক আলোচনায় অগ্রগতি হয়েছে। এসব বিষয়ে কাজ পরবর্তী সম্মেলনেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৭ সালে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ৩২তম আসর (কপ-৩২)। এবারের সম্মেলনে অমীমাংসিত থেকে যাওয়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং জলবায়ু অর্থায়নের বিষয়গুলো সেখানে আবারও আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available