• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৫:৫৪ (19-Nov-2026)
  • - ৩৩° সে:

২০৩৫ সালেই খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চ

১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:৪৬

২০৩৫ সালেই খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টানদের ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠীতে পরিণত হতে যাচ্ছে মুসলিমরা। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

১৮ নভেম্বর বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন বিশ্লেষণ করে বলা হয়েছে, আগামী কয়েক দশকে উভয় ধর্মের অনুসারীর সংখ্যাই বাড়বে। তবে খ্রিস্টানদের তুলনায় মুসলিম জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাবে। খবর আলজাজিরার।

পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের আওতায় বিশ্বের ২০১টি দেশ ও ভূখণ্ডের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব দেশ ও ভূখণ্ডের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ। ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত সাতটি প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর ভৌগোলিক বিস্তার ও জনসংখ্যার সম্ভাব্য পরিবর্তন নিয়ে এ গবেষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের সঙ্গে সম্পৃক্ত নন এমন মানুষ।

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি (১৯ নভেম্বর ২০২৬)

গবেষণা সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, তাদের এই ফলাফল ‘বিশ্ব কীভাবে পরিবর্তিত হতে পারে তার সব দিক ভবিষ্যদ্বাণী করার উদ্দেশ্যে তৈরি করা হয়নি’। কারণ, আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও যুদ্ধের মতো বিভিন্ন ঘটনা ধর্মীয় জনগোষ্ঠীর জনসংখ্যায় পরিবর্তন আনতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধির অন্যতম প্রধান কারণ উচ্চ জন্মহার। ২০২০ থেকে ২০২৫ সালের হিসাবে মুসলিম নারীদের গড় প্রজনন হার ছিল ৩ দশমিক ১ সন্তান। অন্যদিকে খ্রিস্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫। সাধারণত একটি প্রজন্মের জনসংখ্যা স্থিতিশীল রাখতে নারীপ্রতি গড় প্রজনন হার ২ দশমিক ১ হওয়া প্রয়োজন।

পিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে জন্ম ও মৃত্যুর ব্যবধানের কারণে মুসলিম জনসংখ্যা প্রায় ১৬০ কোটি বাড়তে পারে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা বাড়তে পারে ৭৯ কোটি ২০ লাখ।

আরও পড়ুন

আল্লাহর ও রাসূলের হুকুম পালনের জন্য জীবন দিতে প্রস্তুত: ধর্মমন্ত্রী

ধর্মান্তর ও ধর্মত্যাগের ক্ষেত্রেও দুই জনগোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত ধর্ম পরিবর্তনের কারণে খ্রিস্টানদের নিট জনসংখ্যা ১০ কোটি ৫০ লাখ কমতে পারে। অন্যদিকে মুসলিমদের ক্ষেত্রে এ সংখ্যা ৮০ লাখ। খ্রিস্টধর্ম ত্যাগকারীদের অনেকেই পরবর্তী সময়ে নাস্তিক বা অজ্ঞেয়বাদী হিসেবে পরিচিত হতে পারেন।

তবে গবেষণায় স্পষ্ট করা হয়েছে, ইসলামের এই জনসংখ্যাগত প্রবৃদ্ধির পেছনে খ্রিস্টানদের ইসলাম গ্রহণের ভূমিকা নেই বললেই চলে। বরং ইসলাম থেকে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হওয়ার সংখ্যা খ্রিস্টধর্ম থেকে ইসলামে আসা মানুষের সংখ্যার চেয়ে সামান্য বেশি হতে পারে।

প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ২৫৭ কোটিতে। একই সময়ে খ্রিস্টান জনসংখ্যা হতে পারে প্রায় ২৫২ কোটি। অর্থাৎ ওই সময়েই মুসলিমরা বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে খ্রিস্টানদের ছাড়িয়ে যাবে।

আরও পড়ুন

আজকের পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি (১৮ নভেম্বর ২০২৬)

দেশভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যার অধিকাংশ বৃদ্ধি ঘটবে সেসব দেশে, যেখানে বর্তমানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। ২০২০ সালে ৫৩টি দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিলেন। ২০৭০ সাল নাগাদ এসব দেশে আরও ১২০ কোটি মুসলিম যুক্ত হতে পারেন, যা বিশ্বে মুসলিম জনসংখ্যার মোট বৃদ্ধির ৭৪ শতাংশ।

উদাহরণ হিসেবে পাকিস্তানের কথা উল্লেখ করেছে পিউ রিসার্চ। দেশটির মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে দ্বিগুণ হয়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে পাকিস্তান বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হবে।

এ ছাড়া ২০৭০ সালের মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ মুসলিম হতে পারেন। একই সময়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমরা ধর্মীয় পরিচয়হীন জনগোষ্ঠীকে ছাড়িয়ে যাবেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি

অন্যদিকে, খ্রিস্টান জনসংখ্যার প্রবৃদ্ধি মূলত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ ১২০টি দেশে কেন্দ্রীভূত থাকবে। এসব দেশে ২০৭০ সাল নাগাদ খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৬৩ কোটি বাড়তে পারে, যা বিশ্বে খ্রিস্টান জনসংখ্যার মোট বৃদ্ধির ৯২ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বে মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি এবং খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৩০০ কোটি হতে পারে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
ফতুল্লায় গভীর রাতে জুতার কারখানায় আগুন
১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩





রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
রায়েরবাজারে বসতঘর ও কাঁচাবাজারে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫১:৫৬



নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
১৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩২:৩২