• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৫০:০৫ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

আরব নেতাদের গ্রেফতার নিয়ে বিতর্ক, নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকোট

১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৮:২২

আরব নেতাদের গ্রেফতার নিয়ে বিতর্ক, নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকোট
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের দায়িত্বে দেখতে চান না দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকোট। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নতুন তথ্য প্রকাশের পর তাঁর বিরুদ্ধে তীব্র অবস্থান নিয়েছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া এই নেতা। খবর আল জাজিরার।

১৫ নভেম্বর রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোটের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বৈঠক করেন। তবে আলোচনার মধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে তাঁর এই কঠোর অবস্থান নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।

আরও পড়ুন

মেক্সিকোর 'গডফাদারদের গডফাদার' খ্যাত ফেলিক্স গায়ার্দো মারা গেছেন

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ
রোববার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন একজন কথিত গোয়েন্দা তথ্যদাতার কাছে পাঠান, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কর্মরত ছিলেন।

ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই রাআম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট কেনার উদ্দেশ্যে ঘুষ দেওয়ার সন্দেহে তাঁদের গ্রেফতার করা হয়েছিল বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের কোনো ভিত্তি নেই। এরপর গ্রেফতার হওয়া তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পাওয়ার পর তাদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগও তোলেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাঁচ আরব এমপির ফোনে আড়িপাতার চেষ্টা
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি পাঁচজন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি পার্লামেন্ট সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আবেদন করেছিলেন।

আরও পড়ুন

থাইল্যান্ডে বাণিজ্যিক ও আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১১

নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে তাঁদের ওপর নজরদারির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

ঘটনার দ্রুত তদন্ত দাবি করেছেন আইজেনকোট। তিনি বলেন, ‘আমি এ ঘটনার অবিলম্বে তদন্তের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।’

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূমিকা এবং নিরাপত্তা সংস্থাগুলোর কর্মকাণ্ড খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

নেতানিয়াহু প্রতিশ্রুতি রাখার মানুষ নন, স্মৃতিকথায় লিখলেন বাইডেন

সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা
গত ২৭ অক্টোবরের নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, আইজেনকটের নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা ৪৮। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।

সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে আরব দলগুলোর সমর্থন, বিরোধী জোটের ঐক্য কিংবা নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন—সবকিছুই এখন আলোচনার মধ্যে রয়েছে।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গত ৮ নভেম্বর আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এ জন্য তিনি প্রাথমিকভাবে ২৮ দিন সময় পেয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

আরও পড়ুন

কংগ্রেস নেতার আবদারে নিজের কার্ড দিয়ে মেট্রোর টিকিট করে দিলেন মোদী

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, নেতানিয়াহুর কার্যালয়ের অস্বীকৃতি এবং জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে দুই নেতার পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ইসরায়েলের রাজনৈতিক অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:২২