• ঢাকা
  • |
  • সোমবার ২রা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪২:০৮ (16-Nov-2026)
  • - ৩৩° সে:

মেক্সিকোর 'গডফাদারদের গডফাদার' খ্যাত ফেলিক্স গায়ার্দো মারা গেছেন

১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:৪৭

মেক্সিকোর 'গডফাদারদের গডফাদার' খ্যাত ফেলিক্স গায়ার্দো মারা গেছেন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর অন্যতম প্রভাবশালী ও প্রথম দিককার মাদক চোরাচালান চক্র গুয়াদালাহারা কার্টেলের প্রতিষ্ঠাতা মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কয়েক দশক কারাগারে কাটানোর পর গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দিন আগে, মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল ফেলিক্স গায়ার্দোকে। সেখানে একাধিক অঙ্গ বিকল হয়ে পড়ায় ১৫ নভেম্বর রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

১৯৮৫ সালে, যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কর্মকর্তা এনরিক ‘কিকি’ ক্যামেরেনা এবং মেক্সিকোর পাইলট আলফ্রেদো জাভালা আভেলার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে দণ্ডিত হয়েছিলেন ফেলিক্স গায়ার্দো। এ ঘটনায় মেক্সিকোর অন্যতম কুখ্যাত মাদক পাচারকারী হিসেবে পরিচিতি পান তিনি।

আরও পড়ুন

আরব নেতাদের গ্রেফতার নিয়ে বিতর্ক, নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকোট

১৯৮৯ সালে, গ্রেফতারের পর থেকেই, কারাগারে ছিলেন ফেলিক্স গায়ার্দো। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যের একটি সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগারে রাখা হয়েছিল তাকে। শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির কথা উল্লেখ করে তার আইনজীবীরা একাধিকবার গৃহবন্দি রাখার আবেদন করেছিলেন। তবে জীবনের শেষ সময় পর্যন্ত কারাগারেই কাটাতে হয় তাকে।

'৭০-এর দশকে, মাদক চোরাচালানের জগতে দ্রুত প্রভাব বিস্তার করেন ফেলিক্স গায়ার্দো। মেক্সিকোর আধুনিক মাদক ব্যবসার কাঠামো গড়ে তোলার অন্যতম প্রধান স্থপতি হিসেবে বিবেচনা করা হয় তাকে। তার উত্থানের মধ্য দিয়ে দেশটিতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর মধ্যে সংঘাতের সূত্রপাত ঘটে। পরবর্তী কয়েক দশকে এসব সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন।

১৯৪৬ সালে, মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে জন্মগ্রহণ করেন ফেলিক্স গায়ার্দো। পরবর্তী সময়ে, এই অঞ্চল, মাদক পাচারের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি পায়।

আরও পড়ুন

এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

কর্মজীবনের শুরুতে পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি স্থানীয় এক গভর্নরের দেহরক্ষী হিসেবেও কাজ করেছিলেন।

তবে ধীরে ধীরে অপরাধজগতে নিজের অবস্থান শক্ত করেন তিনি। একপর্যায়ে শক্তিশালী অপরাধী নেতায় পরিণত হন ফেলিক্স গায়ার্দো। অপরাধজগতে তার পরিচিতি হয়ে ওঠে ‘বস অব বসেস’ বা ‘গডফাদারদের গডফাদার’।

ফেলিক্স গায়ার্দো ও তার সহযোগীরা জালিস্কো রাজ্যের রাজধানী এবং দ্রুত বিকাশমান অর্থনৈতিক কেন্দ্র গুয়াদালাহারা শহরে মাদক কার্টেলটি প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারের ক্ষেত্রে প্রথম দিককার সংগঠিত উদ্যোগগুলোর অন্যতম ছিল তাদের এই কার্টেল। একই সঙ্গে কলম্বিয়ার প্রভাবশালী মাদক ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তারা। এসব গোষ্ঠীর মধ্যে পাবলো এসকোবারের মেডেলিন কার্টেলও ছিল।

আরও পড়ুন

থাইল্যান্ডে বাণিজ্যিক ও আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১১

১৯৭০ ও '৮০-এর দশকে ফেলিক্স গায়ার্দোর মাদক সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়। দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিজেদের কর্মকাণ্ডের জন্য সুরক্ষা নিশ্চিত করেছিল তার কার্টেল। মাদক পরিবহনে নতুন কৌশলও চালু করে তারা। এর মধ্যে ছিল হালকা উড়োজাহাজ ব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে মাদক পৌঁছে দেওয়া। এ কাজে রাফায়েল কারো কুইন্তেরোর মতো প্রভাবশালী মাদক সম্রাটরাও তাকে সহযোগিতা করেন।

ফেলিক্স গায়ার্দোর বিরুদ্ধে আইনি লড়াই কয়েক দশক ধরে চলে। ১৯৮৯ সালে গ্রেফতারের পর গুয়াদালাহারা কার্টেলের সঙ্গে সংশ্লিষ্ট মাদক পাচার ও অস্ত্রসংক্রান্ত অভিযোগে তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

তবে কারাগারে যাওয়ার পরও তার বিরুদ্ধে আরও একটি গুরুত্বপূর্ণ মামলার বিচার চলতে থাকে। সেটি ছিল ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা এনরিক ‘কিকি’ ক্যামেরেনা এবং মেক্সিকোর পাইলট আলফ্রেদো জাভালা আভেলার অপহরণ ও হত্যাকাণ্ডের মামলা।

আরও পড়ুন

নেতানিয়াহু প্রতিশ্রুতি রাখার মানুষ নন, স্মৃতিকথায় লিখলেন বাইডেন

ক্যামেরেনা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে মেক্সিকো সরকারের ওপর চাপ সৃষ্টি করে ওয়াশিংটন।

২০১৭ সালে, একটি ফেডারেল আদালত, ওই হত্যাকাণ্ডের মামলায় ফেলিক্স গায়ার্দোকে দোষী সাব্যস্ত করেন। এ ঘটনায় তাকে আরও ৩৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন তিনি।

মেক্সিকোর মাদক সাম্রাজ্যে ফেলিক্স গায়ার্দোর উত্থান ও পতনের কাহিনি পর্দায়ও তুলে ধরা হয়েছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ নারকোস: মেক্সিকো-তে তার চরিত্রে অভিনয় করেন মেক্সিকান অভিনেতা দিয়েগো লুনা।

আরও পড়ুন

কংগ্রেস নেতার আবদারে নিজের কার্ড দিয়ে মেট্রোর টিকিট করে দিলেন মোদী

জীবনের শেষ কয়েক বছরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফেলিক্স গায়ার্দো। এক চোখে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, প্রায় বধির হয়ে পড়েছিলেন এবং নিজে নিজে হাঁটার সক্ষমতাও হারিয়েছিলেন তিনি।

২০২১ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার টেলিভিশন নেটওয়ার্ক টেলিমুন্দো কারাগারে তার একটি সাক্ষাৎকার নেয়। তখন তার শারীরিক অবস্থা ছিল বেশ শোচনীয়। তবে ওই সাক্ষাৎকারেও নিজের নির্দোষ দাবি থেকে সরে আসেননি তিনি।

সাক্ষাৎকারে ফেলিক্স গায়ার্দো বলেছিলেন, ‘৩২ বছর পেরিয়ে গেছে। এমন একজন মানুষের জন্য এটি অনন্তকালের মতো, যিনি কোনো অপরাধই করেননি।’

জীবনের শেষ সময় পর্যন্ত নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে গেছেন মেক্সিকোর মাদক সাম্রাজ্যের একসময়ের এই প্রভাবশালী প্রতিষ্ঠাতা। তবে তার উত্থান, মাদক পাচারের বিস্তার এবং কার্টেলগুলোর মধ্যে সংঘাতের ইতিহাস মেক্সিকোর অপরাধজগতের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে রয়েছে।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
এবার আগাম হামলার হুঁশিয়ারি ইরানের
১৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১১:২২