নেতানিয়াহুর বদলে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নেতানিয়াহু ও আইজেনকোটের নেতৃত্বাধীন কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে প্রধানমন্ত্রী পদে আইজেনকোটের প্রতি আরব দলগুলোর সমর্থন থাকায় তাঁকে সরকার গঠনের প্রথম সুযোগ দিয়েছেন প্রেসিডেন্ট।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ৮ নভেম্বর রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, আইজেনকোটকে আগামী ২৮ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে। প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান আইজেনকোট লিখেছেন, “এখন সময় একটি জাতীয় জরুরি সরকার গঠনের। আমরা যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, তার জন্য সব করব।”ইসরায়েলের রাজনৈতিক ইতিহাসে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে দেশটিতে সরকার গঠনের জন্য বরাবরই বিভিন্ন দলকে জোটবদ্ধ হতে হয়েছে।গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৫৩টিতে জয় পেয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে নতুন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অবস্থানে রয়েছে তারা।আইজেনকোটের জোট আরব দলগুলোর সমর্থন নিয়ে একত্রিত হতে পারলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারবে। তবে আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনে এখন পর্যন্ত অনীহা প্রকাশ করেছেন আইজেনকোট। তাঁর জোটের ইহুদিবাদী দলগুলোরও আরব দলগুলোর সঙ্গে একসঙ্গে সরকার গঠনে আপত্তি রয়েছে। এ অবস্থায় অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে তাঁর জোট।এদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শের পর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত নেতানিয়াহু ও আইজেনকোট—দুজনকেই জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে আইজেনকোটের পক্ষে ৬৭টি আসনের সমর্থন পাওয়া গেছে। অন্যদিকে, নেতানিয়াহুর পক্ষে সমর্থন এসেছে ৪৬টি আসনের।ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠন করতে কোনো দল বা জোটের অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন।এটিভি/এসআইআর