আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। নিহতদের মধ্যে নারী, শিশু ও কলেজশিক্ষার্থী রয়েছেন।
১৩ নভেম্বর শুক্রবার রাজ্যের গোলাঘাট জেলার রোঙ্গাজান এলাকায় জাতীয় মহাসড়ক ৭১৫-এ এ দুর্ঘটনা ঘটে। কাজিরাঙা জাতীয় উদ্যানের হাথিখুলি চা-বাগানের কাছাকাছি এলাকায় মিনিবাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা কনটেইনার ট্রাকের সংঘর্ষ হয়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও রয়টার্সের।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে ট্রাকটি যাচ্ছিল আসামের উচ্চাঞ্চলের দিকে। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়েমুচড়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে পুলিশ, উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন।
প্রথম দিকে দুর্ঘটনায় ২৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও পরে আহতদের কয়েকজনের মৃত্যু হলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬-এ দাঁড়ায়। কোহোরা মডেল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক দীপম কুমার বর্মণ নিহতের সংখ্যা ২৬-এ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। আহতদের প্রথমে কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বোকাখাত, গোলাঘাট ও যোরহাটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, কাজিরাঙা এলাকায় নির্ধারিত গতিসীমা অমান্য করে দ্রুতগতিতে চলার সময় মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি বিপরীত লেনে চলে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং যানবাহন দুটির গতিসীমা ও যাত্রী ধারণক্ষমতা-সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নমন্ত্রী অতুল বোরা।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available