• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:২০:০৫ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে হঠাৎ ফ্লাইট স্থগিত: ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নাকি গুজব?

১৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:০৯:৩২

যুক্তরাষ্ট্রে হঠাৎ ফ্লাইট স্থগিত: ইরানে পারমাণবিক হামলার প্রস্তুতি নাকি গুজব?
যুক্তরাষ্ট্রে হঠাৎ ফ্লাইট স্থগিত। ছবি: এআই নির্মিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে হঠাৎ করেই প্রায় পাঁচ ঘণ্টার জন্য দেশজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক হামলার প্রস্তুতি কিংবা সম্ভাব্য পাল্টা আক্রমণ থেকে মার্কিন বিমানগুলোকে নিরাপদ রাখার মতো নানা অনুমান ছড়িয়ে পড়েছে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

১৩ নভেম্বর শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশটির বিমানবন্দরগুলোতে উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় সমস্যার কারণে নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে প্রায় পাঁচ ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশজুড়ে ২২টি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে যোগাযোগ ও রাডার ব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। নতুন প্রযুক্তি যুক্ত করার সময় পুরোনো ব্যবস্থার সুইচ ও রাউটার অতিরিক্ত তথ্যের চাপে অকার্যকর হয়ে পড়ে বলে তিনি ব্যাখ্যা দেন। ফলে নিয়ন্ত্রকেরা পাইলটদের সঙ্গে নির্ভরযোগ্যভাবে যোগাযোগ করতে পারছিলেন না।

আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি

বিমান চলাচল নিরাপত্তা বিশেষজ্ঞ ও সাবেক ইউনাইটেড এয়ারলাইনসের পাইলট স্টিভ অ্যারো বলেন, নিয়ন্ত্রকেরা যদি নির্ভরযোগ্যভাবে উড়োজাহাজের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, তাহলে নতুন উড়োজাহাজ আকাশে না পাঠানোই নিরাপদ সিদ্ধান্ত। অন্যদিকে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির আন্তর্জাতিক বিমান পরিবহন কেন্দ্রের পরিচালক আর জন হ্যান্সম্যান বলেন, উড়োজাহাজে বিকল্প যোগাযোগব্যবস্থা ও সংঘর্ষ শনাক্তের প্রযুক্তি থাকায় যোগাযোগে সমস্যা হলেই তাৎক্ষণিকভাবে বড় ধরনের বিপদ তৈরি হয় না। তবে আকাশে থাকা উড়োজাহাজগুলোকে নিরাপদে অবতরণ করানোই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।

এদিকে সিএনএনকে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিন জানিয়েছেন, এ ঘটনায় কোনো সাইবার হামলা বা যুক্তরাষ্ট্রের ওপর নিরাপত্তা হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে। পরবর্তী সময়ে মার্কিন প্রশাসন জানায়, নতুন প্রযুক্তি ও পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থার মধ্যে সমন্বয়হীনতা এবং অতিরিক্ত চাপের কারণে যোগাযোগ ও রাডার ব্যবস্থায় সমস্যা তৈরি হয়েছিল।

বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেন, সামরিক কোনো অভিযানের প্রস্তুতি হিসেবে বেসামরিক ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দেওয়ার নজির আধুনিক ইতিহাসে বিরল। মূলত টেলিযোগাযোগ ব্যবস্থার কারিগরি বিভ্রাটই এই অচলাবস্থার প্রধান কারণ বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ফলে সামাজিক মাধ্যমে ছড়ানো পারমাণবিক হামলার আশঙ্কাকে স্রেফ ভিত্তিহীন গুজব ও অপতথ্য হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ ঘণ্টা পর তুলে নেওয়া হলো ফ্লাইট নিষেধাজ্ঞা

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টা ৩৬ মিনিটে দেশটির বিভিন্ন বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রে যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ার পর সারাদেশে সকল ধরনের বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়। অবস্থা স্বাভাবিক হওয়ার পর রাত ৮টা ১৫ মিনিটে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে প্রায় ৪ ঘণ্টা ৩৯ মিনিট পর দেশটির বিমানবন্দরগুলো থেকে আবারও ফ্লাইট চলাচল শুরু করার অনুমতি দেওয়া হয়।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪