আসামে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রাজ্যটিতে বন্যাজনিত প্রাণহানির সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।২২ জুলাই বুধবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আসামের ১৬টি জেলা প্লাবিত হয়েছে। এতে ৮ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।বন্যার কারণে নাগাল্যান্ড সীমান্তবর্তী তিনটি জেলায় নতুন করে প্লাবন দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ডুবে গেছে সড়ক, ঘরবাড়ি ও কৃষিজমি।সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে শিবসাগর জেলায়। সেখানে পানিতে ডুবে দুই শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।আসাম সরকার জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এককালীন ৪ লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।এদিকে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে টানা বৃষ্টির ফলে নেমে আসা পাহাড়ি ঢলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে আসামের একাধিক নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা বাড়িয়েছে।সূত্র: এনডিটিভি