• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:১২:৩৯ (04-Nov-2026)
  • - ৩৩° সে:
ইরানে এআই ভিডিওতে সম্ভাব্য পারমাণবিক হামলার সতর্কতা

ইরানে এআই ভিডিওতে সম্ভাব্য পারমাণবিক হামলার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক: সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কায় নিজেদের নাগরিকদের সতর্ক করেছে ইরান সরকার।দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি সচেতনতামূলক ভিডিও সম্প্রচার করা হয়েছে। এতে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে সাধারণ মানুষকে কী কী পদক্ষেপ নিতে হবে, তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে শুরু হবে হামলা।ইসরায়েলও গত কয়েক সপ্তাহ ধরে চাপ দিয়ে আসছে ইরানে হামলার। এমন পরিস্থিতিতে দেশটিতে সম্ভাব্য পারমাণবিক হামলার আশঙ্কায় নাগরিকদের সতর্কতায় প্রযুক্তির নতুন ব্যবহার শুরু করেছে ইরান।গত ২৯ অক্টোবর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা একটি ভিডিও প্রকাশ করে। ইসফাহান প্রদেশের জরুরি পরিষেবা বিভাগের তৈরি প্রায় ৮ মিনিটের এই ভিডিওতে বিস্ফোরণের তীব্র তাপ, ধাক্কা ও তেজস্ক্রিয় দূষণ থেকে বাঁচার উপায় দেখানো হয়।নির্দেশনায় বলা হয়েছে, কাছাকাছি পারমাণবিক বিস্ফোরণ ঘটলে কখনোই বিস্ফোরণের দিকে তাকানো যাবে না। দ্রুত মজবুত ভবনের ভেতরে, বিশেষ করে বেসমেন্ট বা ভবনের মাঝামাঝি নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে থাকতে হবে।ওই ভিডিওতে আরও দেখানো হয়, হামলার তীব্রতা থেকে বাঁচতে দরজা-জানালা বন্ধ, বাইরের বাতাস প্রবেশ করে এমন বায়ু চলাচল ব্যবস্থা বন্ধ এবং দূষিত পোশাক খুলে সিল করা ব্যাগে রাখতে হবে। এরপর সাবান ও পানি দিয়ে গোসল করে অন্তত ২৪ ঘণ্টা ঘরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। এ সময় বোতলজাত পানি ও শুকনো খাবার মজুত রাখতে এবং সরকারি নির্দেশনা ছাড়া বাইরে বের না হওয়ার কথাও বলা হয়েছে।যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যেই ইরানের এই সতর্কতামূলক উদ্যোগ সামনে এনেছে নতুন আশঙ্কা।এটিভি/এসটিও