• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:১৫:০৮ (11-Sep-2026)
  • - ৩৩° সে:
নির্বাচনে জিতলে নাগরিকদের ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

নির্বাচনে জিতলে নাগরিকদের ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।৯ সেপ্টেম্বর বুধবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন বিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। প্রস্তাবিত এই অর্থকে ‘ট্রাম্প লভ্যাংশ’ নামে অভিহিত করেছেন তিনি।ট্রাম্প বলেন, রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে দেশের অর্থনৈতিক সাফল্যের কারণে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে। তবে অর্থটি যুক্তরাষ্ট্রের ভেতরেই ব্যয় করতে হবে বলেও জানান তিনি।তবে এই অর্থ কীভাবে দেওয়া হবে, এর অর্থের উৎস কী এবং এ জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে কি না—এসব বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।প্রস্তাবটি বাস্তবায়ন করতে বিপুল অর্থের প্রয়োজন হবে। রয়টার্সের হিসাবে, ৫ হাজার ডলার করে দিলে মোট ব্যয় প্রায় ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।ভাষণে ট্রাম্প তার প্রেসিডেন্টের মেয়াদের প্রথম দুই বছরকে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দুই বছর’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে আবার ঘুরে দাঁড়াতে দীর্ঘ সময় লাগবে বলেও সতর্ক করেন।জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্য এবং ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের মধ্যে অসন্তোষের মধ্যেই ট্রাম্পের এ ঘোষণা এলো। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখাকে নিজের রাজনৈতিক এজেন্ডার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরছেন তিনি।সূত্র: রয়টার্স, মিডল ইস্ট আই