• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫৩:৩৩ (08-Oct-2026)
  • - ৩৩° সে:

মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমায় ফ্লাইট চলাচল বন্ধের হুঁশিয়ারি হুতিদের

৮ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:২৯

মক্কা-মদিনা ছাড়া সৌদির আকাশসীমায় ফ্লাইট চলাচল বন্ধের হুঁশিয়ারি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক: মক্কা ও মদিনার আকাশসীমা ছাড়া সৌদি আরবের পুরো আকাশসীমাকে নিজেদের সামরিক অভিযানের আওতাভুক্ত ঘোষণা করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। একই সঙ্গে সৌদি আরবের আকাশসীমায় উড়োজাহাজ না চালাতে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থাকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছে তারা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তার দাবি, হামলায় ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। তবে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হুতিদের এই দাবি নিশ্চিত করেনি।

ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের আকাশসীমা এখন তাদের সামরিক অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ কারণে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সেখানে ফ্লাইট পরিচালনার সম্ভাব্য পরিণতি সম্পর্কে শেষবারের মতো সতর্ক করা হচ্ছে। তবে মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলোর আকাশসীমা এই সতর্কবার্তার আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

এর আগে সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আবহা ও কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় তিনজন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে মরক্কো, আলজেরিয়া ও সুদানের নাগরিক রয়েছেন।

এদিকে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন মিশন। চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ কিংবা যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

মার্কিন মিশনের সতর্কবার্তায় নাগরিকদের বিমানবন্দর ও সংশ্লিষ্ট বিমান সংস্থার কাছ থেকে নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হুতিদের নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলে অভিযান জোরদার করার পর পাল্টা হামলা চালিয়ে আসছে হুতিরা।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ