• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০২:১৫:৪৯ (27-Oct-2026)
  • - ৩৩° সে:
‘অপ্রয়োজনীয়’ কর্মীদের স্বপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

‘অপ্রয়োজনীয়’ কর্মীদের স্বপরিবারে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবের ওপর হামলা তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এ নির্দেশ জারি করেছে।সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো, বিশেষ করে বিমানবন্দর লক্ষ্য করে হুথিদের হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ জানিয়েছে দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।পোস্টে সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামোতে হুথিদের হামলার কথা উল্লেখ করে দূতাবাস সতর্ক করেছে, চলমান শত্রুতা দ্রুত ওই নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে। এছাড়া সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে মার্কিন দূতাবাস। প্রয়োজন হলে বিমানবন্দর ব্যবহার করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘চরম সতর্কতা’ অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।দূতাবাসের সতর্কবার্তায় সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির সম্ভাব্য অবনতির পাশাপাশি বিমান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কাও উঠে এসেছে। তবে বিবৃতিতে সম্ভাব্য পরিস্থিতি আরও কতটা বিস্তৃত হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি। সূত্র: সিএনএনএটিভি/এসটিও