• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ সকাল ১০:১২:২৫ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরান যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলে মার্কিন সন্ত্রাসবিরোধী প্রধানের পদত্যাগ

১৮ মার্চ ২০২৬ সকাল ০৮:২৭:০২

ইরান যুদ্ধ নিয়ে প্রশ্ন তুলে মার্কিন সন্ত্রাসবিরোধী প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট। ১৭ মার্চ মঙ্গলবার পদত্যাগপত্র জমা দিয়ে তিনি জানান, এই যুদ্ধকে তিনি ‘বিবেকবর্জিত’ মনে করেন এবং এর সমর্থনে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়।

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমে দায়িত্বশীল এই শীর্ষ কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সরাসরি অভিযোগ করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। তার দাবি, ইসরায়েল এবং দেশটির প্রভাবশালী আমেরিকান লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।

Ad
Ad

ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধান হিসেবে কেন্টের এই মন্তব্যকে ট্রাম্প প্রশাসনের ভেতরে বড় ধরনের বিভাজনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

Ad

সাবেক স্পেশাল ফোর্স সদস্য এবং গোয়েন্দা সংস্থায় কর্মরত থাকা জো কেন্ট গত জুলাইয়ে সিনেটে ভোটের মাধ্যমে এ পদে নিয়োগ পান। তার নিয়োগের সময় থেকেই বিরোধী শিবিরের পক্ষ থেকে নানা সমালোচনা ছিল, বিশেষ করে অতীত রাজনৈতিক অবস্থান ও বিতর্কিত মতামত নিয়ে।

বিশ্লেষকদের মতে, কেন্টের এই পদত্যাগ ইরানে শক্তি প্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশাসনের অভ্যন্তরেই অস্বস্তি বাড়ার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সহিংস ঘটনার প্রেক্ষাপটে এই পদত্যাগ নতুন করে বিতর্ক তৈরি করেছে।

কেন্টের পদত্যাগের কারণকে সমর্থন জানিয়েছেন সিনেটের গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে এমন কোনো বিশ্বাসযোগ্য হুমকি ছিল না, যার কারণে নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করা প্রয়োজন।

আগামী সপ্তাহে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র‍্যাটক্লিফ এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেল কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবেন। সেখানে ইরানে সাম্প্রতিক হামলা এবং তার প্রেক্ষাপট গুরুত্ব পেতে পারে।

এ বিষয়ে এখনো হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্র নিজস্ব সিদ্ধান্তেই এই সামরিক অভিযান পরিচালনা করছে।

অন্যদিকে, হাউস স্পিকার মাইক জনসন ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের সম্ভাব্য একক পদক্ষেপই যুক্তরাষ্ট্রকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

বিশ্লেষকদের মতে, জো কেন্টের পদত্যাগ ট্রাম্প প্রশাসনের ইরান নীতিকে নতুন করে চাপের মুখে ফেলতে পারে।

সূত্র: এপি, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us