আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে লোকসভার স্পিকার ওম বিড়লা প্রতিনিধিত্ব করবেন বলে জানা গেছে।

১৫ ফেব্রুয়ারি রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)-এর এক বিবৃতির বরাত দিয়ে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।


কিছু গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে, ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এমইএ’র বিবৃতিতে বলা হয়েছে, ওম বিড়লার অংশগ্রহণ ‘ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন’ এবং এটি দুই দেশকে আবদ্ধ করে এমন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বিবৃতিতে আরও বলা হয়, সামাজিক ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক সম্মানের বন্ধনে আবদ্ধ প্রতিবেশী হিসেবে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশের অগ্রযাত্রাকে ভারত স্বাগত জানায়।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ৬০ বছর বয়সী তারেক রহমান ৩৫ বছর পর দেশের পুরুষ সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিকেলে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে শপথ নেবেন।
শপথ অনুষ্ঠান উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে অংশগ্রহণের জন্য ভারত-পাকিস্তানসহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। তবে শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available