আন্তর্জাতিক ডেস্ক: ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে মার্কিন বাহিনীর দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
৩০ আগস্ট রোববার আইআরজিসি জানায়, জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে। ইরানি বার্তা সংস্থাগুলোতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘আগ্রাসনকারীদের শাস্তি’ দিতেই এ হামলা চালানো হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, হামলায় ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠন সক্ষমতা এবং মার্কিন বাহিনীর বিমান পরিচালনা-সংক্রান্ত স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রোববার ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা জানান, ওই স্থাপনাগুলো থেকে হরমুজ প্রণালিতে মাইন স্থাপনের উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ কারণেই সেগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে আইআরজিসি জানিয়েছে, লারাক দ্বীপে মার্কিন হামলায় কয়েকজন ইরানি যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
এদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া আটটি ক্ষেপণাস্ত্র দেশটির আকাশসীমায় প্রবেশের পর সেগুলো প্রতিহত করা হয়েছে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের ওপর হামলা ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার যেকোনো প্রচেষ্টার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
সূত্র: রয়টার্স, আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available