ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন।
৩০ আগস্ট রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিইউজে বাসস ইউনিটের প্রধান দিদারুল আলম দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, বিএফইউজের সাবেক সহসভাপতি মোদাব্বের হোসেন, ডিইউজের সহসভাপতি ও মোহনা টিভির হেড অব নিউজ রাশেদুল হক, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের (পিআরএফ) সভাপতি খোন্দকার কাওছার হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল এবং বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর।
সংবর্ধনা অনুষ্ঠানে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেন, ‘সাংবাদিক হিসেবে পাওয়া এই সম্মান আমার প্রাপ্তির চেয়ে অনেক বেশি। আপনাদের প্রতিনিধি হিসেবেই আমাকে এই জায়গায় বসানো হয়েছে, তাই আপনাদের সম্মানের যেন কোনো ঘাটতি না হয় সেদিকে আমার সর্বোচ্চ খেয়াল থাকবে।’
আগামী দিনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন এক মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কোনো সাংবাদিক নির্যাতন, শোষণ, বঞ্চনা বা মিথ্যাচার থাকবে না। গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং দেশ অপসাংবাদিকতামুক্ত হবে।’
তিনি আরও বলেন, ‘সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা বাসসের হারানো গৌরব ফিরিয়ে এনে এটিকে এমন একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে চাই, যেন সংস্থাটি রাষ্ট্রের হয়ে একটি মানবিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম বলেন, গণতন্ত্র ও সাংবাদিকদের অধিকার আদায়ের দীর্ঘ ১৫ বছরের লড়াইয়ে কাদের গনি চৌধুরী ছিলেন সবার আপনজন ও পরীক্ষিত নেতা।
তার মতো একজন সুপরিচিত ও সংগ্রামী মানুষের নেতৃত্বে বাসসসহ সাংবাদিকদের সব প্রতিষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধি ও সম্মানের চূড়ান্ত জায়গায় পৌঁছাবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, কাদের গনি চৌধুরী দীর্ঘদিন রাজপথে সাংবাদিকদের নেতৃত্ব দিয়েছেন, তাই তার কাছে সবার প্রত্যাশা অনেক বেশি। তবে সবাইকে তার প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তিনি ব্যর্থ হলে পুরো সাংবাদিক সমাজের ওপর এর দায় আসবে উল্লেখ করে সাংবাদিকদের মান-সম্মান ও মর্যাদা রক্ষায় তাকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, বাসসের ইতিহাসে এই প্রথম কোনো এমডিকে প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে এবং রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা একসঙ্গে গিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে এসেছেন, যা এক বিরল সম্মান।
বিগত কয়েক যুগে ধ্বংস করে দেওয়া এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি পুনর্গঠনে এবং একটি অনন্য দৃষ্টান্ত স্থাপনে সাংবাদিক সমাজ তাকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠান সমন্বয় করেন ডিইউজের কার্যনির্বাহী কমিটির সদস্য এম মোশাররফ হোসাইন, মো. নিজাম উদ্দিন (দরবেশ নিজাম) ও রিয়েল রোমান। এ সময় বাসসের ব্যবস্থাপনা সম্পাদক মো. ফজলুল হক, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available