অনলাইন ডেস্ক: দেশে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি ও তরুণদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি— উদ্যোগ ’ নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক।
২৬ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে প্রথম ধাপে দেশের ৮ জেলার ৬৪ উপজেলা থেকে সংগ্রহ করা আবেদনগুলোর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ উদ্যোক্তার তালিকা প্রকাশ করা হয়েছে। বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণের কার্যক্রম এখনো চলমান রয়েছে। যা শেষ হবে আগামী ৩০ নভেম্বর।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা জেলার ৬৪ উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উপজেলা থেকে মোট ৬৪০ জন উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
এদিকে বাকি ৫৬ জেলার সব উপজেলা থেকে তরুণ উদ্যোক্তাদের আবেদন গ্রহণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে এসব জেলার তরুণ উদ্যোক্তাদের আবেদন নেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এ ক্ষেত্রে ঋণ প্রত্যাশী তরুণ উদ্যোক্তারা নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলায় অবস্থিত যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
‘উদ্যোগ’ প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা হবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা হবে ঋণ। আর ঋণের সমপরিমাণ অর্থ অর্থাৎ, সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান পাবেন উদ্যোক্তারা। ঋণ ও অনুদানের অর্থ একই সঙ্গে এককালীন দেওয়া হবে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available