ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট পাঁচটি মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
৭ জুলাই মঙ্গলবার উপজেলার চরভদ্রাসন বাজার ও আদর্শ স্কুল রোড এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মারকাযুন নূর ইসলামিক স্টোর-এ মোড়ক ছাড়া দই, মাঠা, ঘি, আইসক্রিম ও মধু বিক্রির প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে জব্দকৃত মোড়কবিহীন পণ্য ধ্বংস করা হয়।
একই আইনে তরুণ মিষ্টান্ন ভাণ্ডারকে মোড়কবিহীন দই ও মিষ্টিজাত পণ্য বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার-এ ওজনে কম দিয়ে পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অন্যদিকে, ইনভাইট ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আধুনিক ফার্মা-য় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ মেলায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উদ্ধার হওয়া মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
এদিকে, চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার-এর ল্যাবরেটরির পরিবেশ ও প্রয়োজনীয় নথিপত্র সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনাকে প্রশংসা জানানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার গৌরব মুস্তাফা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, ভোক্তার স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available