ডেস্ক রিপোর্ট: বৈরী আবহাওয়া, টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার আজ ৮ জুলাই বুধবার অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৭ জুলাই মঙ্গলবার গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে পৃথক দুটি আদেশে শুধু চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার বুধবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
টানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরীতে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসে গত ৪৩ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।
ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, রাঙ্গুনিয়া, রাঙামাটির বাঘাইছড়ি এবং কক্সবাজারে দেয়াল ও পাহাড়ধসসহ বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং বহু গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।
বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান ও রেল যোগাযোগেও। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। অন্যদিকে রেললাইনে পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় আটকে পড়ে।
দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজার জেলা। গত দুই দিনের ভারী বৃষ্টিতে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ১৯৩টি ছোট-বড় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। পাশাপাশি সদর, টেকনাফ, রামু, মহেশখালী, চকরিয়া ও পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। শতাধিক গ্রাম পানির নিচে চলে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available