• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৫১:৪২ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
বিশ্বকাপ ফাইনালে বাঁশি বাজাবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ

বিশ্বকাপ ফাইনালে বাঁশি বাজাবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচে বাঁশি বাজাবেন ৪৬ বছর বয়সী এই ম্যাচ অফিসিয়াল।চলতি বিশ্বকাপে রেফারিং নিয়ে বিভিন্ন ম্যাচে বিতর্ক দেখা দেওয়ার পর ফাইনালের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে ছিল ব্যাপক আলোচনা। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও ধারাবাহিক পারফরম্যান্স বিবেচনায় ভিনচিচকে দায়িত্ব দিয়েছে ফিফা।এর আগে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও পরিচালনা করেছেন তিনি। রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ডের মধ্যকার সেই ম্যাচে তার রেফারিং ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।চলতি বিশ্বকাপে ভিনচিচ এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। ব্রাজিল–মরক্কো, জর্ডান–আলজেরিয়া এবং মেক্সিকো–ইকুয়েডর ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এই তিন ম্যাচে তিনি সাতটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দেখিয়েছেন।ফাইনালে ভিনচিচকে সহায়তা করবেন তার স্বদেশি সহকারী রেফারি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করবেন জার্মানির বাস্তিয়ান ড্যানকার্ট।এদিকে, শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের লড়াই পরিচালনা করবেন ভেনিজুয়েলার রেফারি হেসুস ভ্যালেনজুয়েলা।বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের পাশাপাশি রেফারির প্রতিটি সিদ্ধান্তও থাকবে ফুটবল বিশ্বের নিবিড় নজরে। তাই বিতর্কমুক্ত ও সফলভাবে ম্যাচ পরিচালনার চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্লাভকো ভিনচিচের সামনে।সূত্র: রয়টার্স, ইএসপিএন