স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পালনের সুযোগ হারিয়েছেন সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাঁকে বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
৩৪ বছর বয়সী আরতান বিশ্বকাপের চূড়ান্ত পর্বে দায়িত্ব পাওয়া প্রথম সোমালিয়ান রেফারি হওয়ার পথে ছিলেন। তবে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে তিনি তুরস্কে অবস্থান করছেন।
আফ্রিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত আরতান ২০১৮ সালে ফিফার আন্তর্জাতিক রেফারিদের তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২৫ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (কাফ) তাকে বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত করে। একই বছর তিনি আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেন এবং চলতি আসরে রেফারিং কমিটির সদস্য হিসেবে কর্মকর্তাদের দলের নেতৃত্বও দেন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখনো তাকে ফেরত পাঠানোর নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি। তবে সোমালিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলোর একটি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, আয়োজক দেশের অভিবাসন ও ভিসা–সংক্রান্ত সিদ্ধান্তে সংস্থাটির কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আপাতত আরতানের অবস্থার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে তিনি বিশ্বকাপে প্রশিক্ষণ ও ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করতে পারবেন না।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি ভিসা পাবেন কি না এবং তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আয়োজক দেশের সরকারের হাতেই থাকে।
সোমালিয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ উপদেষ্টা বিবিসিকে জানিয়েছেন, বৈধ ভ্রমণ নথিপত্র নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন আরতান। অন্যদিকে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত সোমালি দূতাবাসের এক কর্মকর্তা জানান, আগের ভিসা–সংক্রান্ত জটিলতার কারণে তাঁর যাতায়াত সহজ করতে বিশেষ কূটনৈতিক পাসপোর্টও ইস্যু করা হয়েছিল।
ঘটনার ব্যাখ্যা জানতে সোমালি ফুটবল ফেডারেশন (এসএফএফ) ইতোমধ্যে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে এবং এ বিষয়ে জরুরি ব্যাখ্যা চেয়েছে।
এদিকে বিশ্বকাপবিষয়ক হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান আন্ড্রু গিওলিয়ানি বলেন, সিদ্ধান্তটির পক্ষে তিনি অবস্থান করছেন। তবে নিরাপত্তা ও গোপনীয়তার কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।
ঘটনার পরও ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন আরতান। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সত্ত্বেও তিনি তাঁর রেফারিং ক্যারিয়ারের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলোর দিকেই মনোযোগ দিতে চান। পাশাপাশি তাঁকে সমর্থন জানানো ফুটবল পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সহকর্মীদের জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য, আরতান ছিলেন ২০২৬ বিশ্বকাপের জন্য নির্বাচিত ৫২ জন রেফারির একজন। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে বিশ্বকাপের আসর শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available