তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান সিয়েনসানো জানিয়েছে, চলতি বছরের ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।সিয়েনসানোর প্রকাশিত তথ্য অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় ওয়ালোনিয়া অঞ্চলে। এরপর রাজধানী ব্রাসেলস এবং উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্সে মৃত্যুর সংখ্যা বেশি ছিল।প্রতিষ্ঠানটি জানায়, ২০০০ সাল থেকে তারা তাপপ্রবাহ-সংশ্লিষ্ট মৃত্যুর তথ্য সংরক্ষণ করে আসছে। সেই রেকর্ড অনুযায়ী, চলতি বছরই প্রথম তাপপ্রবাহজনিত হিটস্ট্রোক ও অন্যান্য শারীরিক জটিলতায় এত বেশি মানুষের মৃত্যু হয়েছে।এর আগে ২০২০ সালে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সর্বোচ্চ ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের প্রাণহানির সংখ্যা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তাপপ্রবাহের সময় বিশেষ করে শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং অতিরিক্ত গরম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি