• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪৬:৩২ (03-Oct-2026)
  • - ৩৩° সে:

উয়েফা নেশন্স লিগ: তুরস্ককে ৩-০ তে হারালো বেলজিয়াম

৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:১২:৩৫

উয়েফা নেশন্স লিগ: তুরস্ককে ৩-০ তে হারালো বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক: বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন কেভিন ডি ব্রুইনা। তুরস্কের বিপক্ষে বেলজিয়ামের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে নতুন করে আলো কেড়েছেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। তার দুর্দান্ত পারফরম্যান্সে তুরস্ককে সহজেই হারিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে রেড ডেভিলরা।

২ অক্টোবর শুক্রবার বেলজিয়ামের লিয়েজের মোরিস দুফ্রাসন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বেলজিয়ামের খেলার নিয়ন্ত্রণ ছিল ডি ব্রুইনার হাতে। শুরু থেকেই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। পাশাপাশি রেড ডেভিলদের আক্রমণে একের পর এক সুযোগ তৈরি করেন তিনি।

ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। বক্সের প্রান্তে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে জালের নিচের বাঁ কোণে বল পাঠান ডি ব্রুইনা। তার নিখুঁত ফিনিশিংয়ে অসহায় হয়ে পড়েন তুরস্কের গোলরক্ষক।

গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বেলজিয়ামের গোছানো রক্ষণ ভাঙতে পারেনি তুরস্ক। একাদশে আরদা গুলার ও বারিস আলপার ইলমাজের মতো খেলোয়াড়রা থাকলেও আক্রমণে কার্যকর কিছু করতে পারেনি সফরকারীরা।

দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখেন ডি ব্রুইনা। ম্যাচের ৬০ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। গোলটি শুধু দলের ব্যবধানই বাড়ায়নি, ডি ব্রুইনার ক্যারিয়ারে যোগ করেছে একটি মাইলফলকও। এই গোলের মাধ্যমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়ালো ২০১-এ।

বেলজিয়ামের হয়ে এ নিয়ে ৪০তম গোল করলেন ডি ব্রুইনা। বর্তমানে ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে খেলা এই মিডফিল্ডার জাতীয় দল ও ক্লাব— দুই পর্যায়েই নিজের প্রভাব ধরে রেখেছেন।

ম্যাচের ৭৫ মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোলটি করেন রোমেলু লুকাকু। বদলি হিসেবে মাঠে নেমে ডান প্রান্ত থেকে আসা ক্রস নিখুঁতভাবে কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-০ করেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম। অন্যদিকে টানা তৃতীয় হারে গ্রুপে এখনো কোনো পয়েন্ট পায়নি তুরস্ক। ফলে নেশনস লিগের শীর্ষ স্তরে টিকে থাকার লড়াই তাদের জন্য আরও কঠিন হয়ে উঠেছে।

এই জয়ে বেলজিয়ামের পয়েন্ট দাঁড়িয়েছে ৬, গ্রুপ ‘এ’-তে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। ইতালির পয়েন্ট ৪। ফলে তিন রাউন্ড শেষে গ্রুপের লড়াই এখনও উন্মুক্ত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
পূজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:০৫

বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
বিকাশে চাকরির সুযোগ, নেই বয়সসীমা
৩ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩০:৫২