আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যজুড়ে তাদের জ্বালানি ও বিনিয়োগ অবকাঠামোতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। খবর প্রেস টিভির।
১৮ অক্টোবর রোববার উত্তরাঞ্চলীয় সারি শহরে ‘স্যাক্রিফাইস ফর ইরান’ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন। নাকদি বলেন, শত্রুপক্ষের মোকাবিলায় ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’ প্রস্তুত রয়েছে। যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সক্ষম বলেও দাবি করেন তিনি।
নাকদির দাবি, ইরানের জনগণের প্রতিরোধ ও সামরিক প্রস্তুতির কারণে শত্রুপক্ষের স্থল অভিযান ঠেকানো সম্ভব হয়েছে এবং তাদের নৌযানগুলো পিছু হটতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ওয়াশিংটনের পরাজয় স্বীকারের শামিল। নাকদির দাবি, ১২ দিনের যুদ্ধে ইরানে নিক্ষেপ করা ১৪ টন ওজনের কয়েকটি বোমা বিস্ফোরিত হয়নি এবং সেগুলো ইরানি বাহিনীর হাতে এসেছে।
নাকদি বলেন, ‘আমরা আমাদের ‘ক্ষেপণাস্ত্রের জনক’কে প্রস্তুত করে রেখেছি। শত্রুপক্ষ যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তাদের আক্রমণ ব্যর্থ হতে বাধ্য এবং তাদের পালানোর কোনো পথ থাকবে না।’
এর আগে ইরানের বিরুদ্ধে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছেন, সবচেয়ে ভারী বোমার নামের সঙ্গে ‘মাদার’ বা ‘মা’ শব্দ যুক্ত করা বর্বর সভ্যতার পরিচয় বহন করে।
ইরানি কর্মকর্তাদের এসব বক্তব্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available