• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৩৩:০৮ (17-May-2026)
  • - ৩৩° সে:
বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত

অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে চলতি বছরে ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি।১৭ মে রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এসে এ তথ্য জানায় কোম্পানিটির একটি প্রতিনিধিদল।প্রতিনিধিদল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশ থেকে প্রায় ১৫ হাজার কর্মী তাদের কোম্পানিতে কাজ করছেন, যার মধ্যে প্রায় ৮ হাজার জনই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের কর্মদক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এমনকি দুবাই এয়ারপোর্টেও বাংলাদেশি নারী ড্রাইভাররা সফলভাবে কাজ করছেন বলে তারা উল্লেখ করেন।তারা আরও জানান, আগামী ১৮ মে সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য ড্রাইভার নির্বাচন কার্যক্রম শুরু হবে। চলতি বছর নতুন করে ৬ হাজার ড্রাইভার নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে এ দফায় ১ হাজার ৫০০ জন বাছাই করা হবে।এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের নিয়োগ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরকার এ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে।মন্ত্রী আরও অনুরোধ জানান, বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণকালীন সময়ে বেতন-ভাতা প্রদানের বিষয়টি বিবেচনা করতে। পাশাপাশি তিনি শুধু ড্রাইভার নয়, ডাক্তার ও নার্সসহ ‘হোয়াইট কলার’ পেশাজীবী নিয়োগের আহ্বান জানান।অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, বিদেশে যাওয়ার ক্ষেত্রে একজন ড্রাইভারের খরচ বর্তমানে অনেক বেশি, যা অধিকাংশ ক্ষেত্রেই দরিদ্র ও ঋণগ্রস্ত কর্মীদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই তিনি অভিবাসন খরচ কমিয়ে ১ লাখ টাকার মধ্যে সীমিত রাখার আহ্বান জানান।