স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে কঠিন লড়াই হিসেবে দেখছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস। তিনি বলেছেন, দুই দলের শক্তির বিচারে এই ম্যাচে কাউকেই স্পষ্ট ফেবারিট বলা যায় না। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনাই জয় পাবে বলে আশাবাদী তিনি।
যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, ইংল্যান্ড শক্তিশালী দল। তাদের আক্রমণভাগে হ্যারি কেনের মতো অভিজ্ঞ স্ট্রাইকার রয়েছেন। পাশাপাশি জুড বেলিংহ্যামও দুর্দান্ত ফর্মে আছেন। তাই ম্যাচটি মোটেও সহজ হবে না।
আর্জেন্টিনা সেমিফাইনালে ১৯৮৬ বিশ্বকাপের স্মরণীয় নীল জার্সি পরে খেলতে পারে—এমন আলোচনার প্রসঙ্গে মার্সেলো কার্লোস বলেন, এ বিষয়ে নিশ্চিত তথ্য তার জানা নেই। তবে এমনটি হলে সেটি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন হিসেবেই দেখবেন তিনি।
তার ভাষায়, ‘ম্যারাডোনা আমাদের কাছে সবসময় অনুপ্রেরণার প্রতীক। শুধু আর্জেন্টিনার ফুটবল নয়, মেসিও তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। তিনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।’
লিওনেল মেসির নেতৃত্ব ও ব্যক্তিত্ব নিয়েও কথা বলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত। তিনি জানান, দলের খেলোয়াড়রা মেসির সঙ্গে খেলাকে সৌভাগ্য মনে করেন।
মার্সেলো কার্লোস বলেন, ‘এত বড় তারকা হওয়া সত্ত্বেও মেসি অত্যন্ত বিনয়ী। তিনি এখনও কঠোর পরিশ্রম করেন। তার সঙ্গে খেলতে হলে অন্যদেরও নিজেদের সেরাটা দিতে হয়। তরুণ খেলোয়াড়রা প্রতিনিয়ত তার কাছ থেকে শেখার চেষ্টা করে।’
ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে রাষ্ট্রদূত জানান, ২০০২ বিশ্বকাপের সময় জাপানে কর্মরত অবস্থায় কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল তার। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর পাশাপাশি কিছুক্ষণ কথাও বলেন এবং একটি অটোগ্রাফ সংগ্রহ করেন। সেই মুহূর্তকে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা বলে উল্লেখ করেন তিনি।
তবে এখনো লিওনেল মেসির সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হয়নি বলেও জানান মার্সেলো কার্লোস। ভবিষ্যতে সেই সুযোগ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি বাংলাদেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসা, তা তাদের সবসময় মুগ্ধ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available