অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াতের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপিকে সতর্ক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
২৪ নভেম্বর মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। সাদিক কায়েমের দাবি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের শ্বশুর এবং জামায়াতের এক ইউনিয়ন আমীরের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া ও লুটপাট করা হয়েছে।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগ নিয়ে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যেখানে সরকারি দলের দায়িত্ব, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধেই সন্ত্রাস ও লুটপাটে জড়ানোর অভিযোগ উঠছে।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পরও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এ ধরনের কর্মকাণ্ড ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার পরিবেশ নষ্ট করবে বলেও সতর্ক করেন তিনি।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, একদিকে ঐক্যের কথা বলা হচ্ছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো ঘটনা ঘটছে। এ ধরনের দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available