আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। ২৪ নভেম্বর মঙ্গলবার আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। এ সময় আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে দুর্ঘটনা নিয়ে কোনো ধরনের গুজব বা অনির্ভরযোগ্য তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি যেকোনো তথ্য সরকারি সূত্র থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১২ নভেম্বর ফুজাইরাহতে শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। নিহতদের মধ্যে ১০ জন আমিরাতি ও চারজন ভারতীয় নাগরিক ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, প্রথমে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। পরে দুটি শিপিং কনটেইনার বহনকারী একটি ট্রাক কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় মোট ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: গালফ নিউজ
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available