• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১০:৩৫ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
শিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

শিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।১৫ জুলাই বুধবার বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন। এ সময় সদ্য বিদায়ী আরও কয়েকজন শিবির নেতাও সহযোগী সদস্য হওয়ার জন্য ফরম সংগ্রহ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন একই সময়ে সহযোগী সদস্যপদের ফরম পূরণ করা ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হাছান আহমেদ।এর আগে ১৩ জুলাই সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েম ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন। সংগঠনটিতে সর্বশেষ তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।এদিকে, জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবু সাদিক কায়েমের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়।তবে বৈঠকে অংশ নেওয়া দলের একাধিক নেতা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার বৈঠকে। এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।অন্যদিকে, জামায়াতের আরেকটি সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নামই প্রায় চূড়ান্ত। তবে এ বিষয়ে দলীয় আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।