ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের টাকার কাছে তারা বিক্রি হবেন না এবং টেন্ডারবাজি বা দখলদারির রাজনীতিও করবেন না। জনগণের শক্তিকে ভিত্তি করেই নতুন বাংলাদেশ গড়তে চায় এনসিপি।
১৮ জুলাই শনিবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বটতলি এলাকায় আয়োজিত ‘জুলাই পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের মানুষের মধ্যে নতুন আশা ও প্রত্যাশার জন্ম দিয়েছিল। তবে সংস্কার, বিচার ও রাষ্ট্র পরিবর্তনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিএনপি দেশে সংস্কার, আওয়ামী লীগের বিচার এবং বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাস্তবে এসব বিষয়ে অগ্রগতি দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন থানায় তদবির করেছেন।
এনসিপির এই নেতা আরও বলেন, আগামী দিনের আন্দোলন হবে ‘জুলাই সনদ’ ও গণভোট অমান্যকারীদের বিরুদ্ধে। যারা জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে তিনি মনে করেন, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক এবং এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক রহমান মুজাহিদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেড অব হেলথ উইং ডা. আব্দুল আহাদ এবং উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসেন।
সভায় এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সূত্র: কালবেলা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available