• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৩:০১:০৪ (08-Aug-2026)
  • - ৩৩° সে:

চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী

৮ আগস্ট ২০২৬ দুপুর ১২:৫৫:৫৫

চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা যেন তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আধুনিক, স্বয়ংসম্পূর্ণ ও জনবান্ধব করতে সরকারি-বেসরকারি সব চিকিৎসককে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

৮ আগস্ট শনিবার রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রকে প্রভাবিত করে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা নিজ নিজ মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকতেই পারেন। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, চিকিৎসকদের মূল দায়িত্ব হচ্ছে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ ক্ষেত্রে রোগীর প্রতি মানবিক আচরণ, দায়িত্বশীলতা ও পেশাগত নিষ্ঠা নিশ্চিত করতে হবে।

স্বাস্থ্যনীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কাজ করবেন। স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, এই অর্থের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি চিকিৎসকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব ই-হেলথ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, শুধু বাজেট বাড়ানো, অবকাঠামো নির্মাণ বা হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ালেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। চিকিৎসকদের দায়িত্ব পালনে অনিচ্ছাকৃত অবহেলা বা শৈথিল্য মানুষের মধ্যে চিকিৎসাব্যবস্থা নিয়ে অনাস্থা তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসকদের বিভিন্ন দাবির প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ, সরকারি চাকরিতে চিকিৎসকদের বয়সসীমা ৩২ থেকে ৩৪ বছর করা, অবসরের বয়স ৬১ থেকে ৬৫ বছর করা এবং চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সময়োপযোগী স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়নের দাবি সরকারের কাছে এসেছে।

এ ছাড়া উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ ভাতা ও প্রণোদনা, বেসরকারি খাতে কর্মরত চিকিৎসকদের জন্য ন্যায্য বেতনকাঠামো এবং বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার দাবিও তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

চিকিৎসকদের এসব দাবি পুরোপুরি অযৌক্তিক নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একই সঙ্গে সরকারের বর্তমান বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। সরকার দায়িত্ব নেওয়ার সময় দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে। সেই পরিস্থিতি থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করছে।

জ্বালানি খাতের সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে জ্বালানি খাতে অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প ও নীতি গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট কিছু মহলকে সুবিধা দিতে নেওয়া এসব নীতির খেসারত এখন দেশ ও জনগণকে দিতে হচ্ছে।

বিদ্যুৎ ও গ্যাস নিয়ে মানুষের ভোগান্তির কথা সরকার জানে উল্লেখ করে তারেক রহমান বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তবে বর্তমান সংকট মোকাবিলায় সরকার অপরিকল্পিত প্রকল্পগুলো পুনর্বিবেচনা করে জ্বালানি খাতকে সঠিক পরিকল্পনার আওতায় আনার কাজ করছে।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ প্রতিটি খাতকে সক্ষম ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রচলিত রাজনীতির বাইরে এসে রাজনীতিতে গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি। দেশের প্রতিটি ক্ষেত্রে এই পরিবর্তন প্রয়োজন।

চিকিৎসকদের উদ্দেশে তারেক রহমান বলেন, সরকার ও চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য কাউকে বিদেশমুখী হতে হবে না।

সূত্র: চ্যানেল২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাটোরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩, আহত ৪
নাটোরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩, আহত ৪
৮ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫১:২৯