অনলাইন ডেস্ক: লিবিয়ায় দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার দেশে ফিরছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ৩১ আগস্ট সোমবার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, প্রত্যাবাসিত বাংলাদেশিরা লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার আনুমানিক সকাল ৭টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক উপায়ে দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।
প্রত্যাবাসন কার্যক্রম তদারক করতে দূতাবাসের একটি প্রতিনিধি দল ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিল। তারা দেশে ফেরত পাঠানো অভিবাসীদের প্রয়োজনীয় সহযোগিতাও প্রদান করেন।
দূতাবাস জানায়, দেশে ফেরত আসা এসব বাংলাদেশি ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর দীর্ঘদিন তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
এদিকে জীবনের ঝুঁকি নিয়ে অনিয়মিত পথে সমুদ্রপথে বিদেশ যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। তারা জানায়, এ ধরনের যাত্রায় অনেকেই দুর্ঘটনায় মারা যান, নিখোঁজ হন কিংবা জিম্মি ও আটক হওয়ার শিকার হন। পরে অনেক অভিবাসীকে দীর্ঘ সময় ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে থাকতে হয়।
এ পরিস্থিতিতে দালাল ও মানবপাচারকারীদের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে অনিয়মিত পথে বিদেশ যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।
সূত্র: নিউজ ২৪
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available