আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় যোশীমঠ-বদ্রীনাথ রুটে ৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিষয়টি নিশ্চিত করেছেন। ৩০ অক্টোবর শুক্রবার এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
হেলিকপ্টারটি তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে। পরে হাতি পর্বত এলাকায় যাওয়ার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির এক বিবৃতিতে বলা হয়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পরিচালিত ভিটি-এইচসিএক্স কলসাইনযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা ১৪ মিনিটের দিকে উড্ডয়নের পর যোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থায়ও সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পুরো বহরের উড্ডয়ন স্থগিত করা হয়েছে।
নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টারটিতে পাইলটসহ ছয়জন পুরুষ আরোহী ছিলেন। তারা হলেন- অরুণ সালুঙ্কে, এইচএস নটরাজ, প্রতাপা নিংগারাজন, সুদীর কে, শঙ্করগৌড়া এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।
পরবর্তীতে পাইলটসহ ৬ জন আরোহীর সবার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ দুর্ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, যোশীমঠের কাছে ছায়ী গ্রামসংলগ্ন এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পাওয়া গেছে। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, পুরো পরিস্থিতি তিনি নিজে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উন্নত চিকিৎসাকেন্দ্রে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরোহীদের নিরাপদে ফিরে আসার জন্য তিনি প্রার্থনা করছেন।
যোশীমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্র শেখর বশিষ্ঠও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘হ্যাঁ, সেখানে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সেনাবাহিনী, এসডিআরএফ, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। আমিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি।’
গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনা বা দুর্ঘটনাসংশ্লিষ্ট ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫টি বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এবং ৭টি প্রাণহানিহীন ঘটনা রয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available