নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে পৃষ্ঠপোষকতার সংস্কৃতি চলতে দেওয়া যাবে না এবং অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

১৮ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম অফিস দিবসেই সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।


অর্থমন্ত্রী জানান, ‘আমাদের প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই খারাপ। তাই প্রথমে এই প্রতিষ্ঠানগুলোকে পুনরুদ্ধার করার পথ নির্ধারণ করতে হবে। পেশাদারিত্ব প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দক্ষতা বৃদ্ধি না হলে বড় কর্মসূচি গ্রহণ করলেও কাঙ্ক্ষিত ফল আসবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য হতে হবে। লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং দেশের প্রতিটি নাগরিক যেন অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি অর্থনীতির সুফল সকলের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেন, অর্থনীতিতে নিয়ন্ত্রণ শিথিল করতে হবে এবং ডিরেগুলেশন বা সরকারি নিয়ন্ত্রণ কমানো অপরিহার্য।
তিনি বলেন, ‘অলরেডি বাংলাদেশে অর্থনীতি অত্যধিক রেগুলেটেড। পৃষ্ঠপোষকতা রাজনীতির কারণে ওভাররেগুলেশন হয়েছে। এখন অবশ্যই সিরিয়াসলি ডিরেগুলেটেড করতে হবে।’
তিনি লিবারলাইজেশন প্রক্রিয়ার গুরুত্বও তুলে ধরেন, যাতে সব নাগরিক সমান অধিকারভোগী হন এবং অর্থনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং এর আগে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available