স্পোর্টস ডেস্ক: ওমেন’স এশিয়া কাপ রাইজিং স্টারসে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। টানা তৃতীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টাইগ্রেসরা। এবার মালয়েশিয়া নারী দলকে বড় ব্যবধানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল।

১৮ ফেব্রুয়ারি বুধবার ব্যাংককে গ্রুপ ‘বি’র ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ নারী এ ক্রিকেট দল।


টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান তুলতে সক্ষম হয় মালয়েশিয়া নারী ক্রিকেট দল।
ব্যাট ও বল হাতে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন লতা মণ্ডল। ৪৪ বলে ৪৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ২ ওভারে মাত্র ২ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।
তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারে শূন্য রানে আউট হন ইশমা তানজিম। আরেক ওপেনার রুবিয়া হায়দার ১১ বলে ১৪ রান করে ফেরেন। দলীয় ৪২ রানে রানআউট হন সুমাইয়া (০)। অষ্টম ওভারে ২৫ বলে ৩০ রান করে আউট হন শারমিন আক্তার। তখন দলের সংগ্রহ ছিল ৫২ রানে ৪ উইকেট।
এরপর লতা মণ্ডল ও অধিনায়ক ফাহিমা খাতুনের মধ্যে ৫৫ রানের জুটি গড়ে ওঠে। ফাহিমা ২৪ বলে ২৯ রান করে আউট হন। সাদিয়া আক্তার সাত নম্বরে নেমে ১১ বলে ২ ছক্কায় ১৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ ওভারের শেষ বলে আউট হন লতা। তার ৪৮ রানের ইনিংসে ছিল ৪টি চার।
মালয়েশিয়ার হয়ে নুর দানিয়া ২টি এবং আইনা হামিজাহ, নুর আরিয়ানা, মাহিরাহ ইজ্জতি ও মাস এলিসা একটি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশের বোলিং তোপে শুরু থেকেই চাপে পড়ে মালয়েশিয়া। সাত নম্বরে নামা নুর আরিয়ানা ছাড়া আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তিনি ২৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে ফাতেমা জাহান ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া শরিফা খাতুন ২টি এবং ফারজানা ইয়াসমিন, ইশমা ও লতা একটি করে উইকেট শিকার করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available