নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

১৮ ফেব্রুয়ারি বুধবার বেলা ১২টার দিকে প্রথমে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা মোনাজাতে অংশ নেন।


এর আগে সকাল ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর তিনি এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সচিবালয়ের ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর সাড়ে ১২টা থেকে তার প্রথম দাফতরিক কার্যক্রম শুরু হবে।
দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী, যা হবে নতুন সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক। বিকেল ৪টায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রিপরিষদ ভবন ও সংশ্লিষ্ট এলাকা সজ্জিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available