• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:২৩:৪৯ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

৪ জুলাই ২০২৬ সকাল ০৮:১৫:৫৫

আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

অনলাইন ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

৩ জুলাই শুক্রবার রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন তিনি। অনুষ্ঠানে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার।

এর আগে ২ জুলাই বৃহস্পতিবার রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে তেহরানে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। শোকানুষ্ঠানে অংশ নেওয়ার আগে তিনি ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের স্পিকার। তিনি বলেন, জাতীয় শোকের এ সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরান সরকার এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানানো হচ্ছে।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক সম্পর্ক ও কূটনৈতিক সহযোগিতা রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে ইরানের স্পিকারের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি বলেন, বাংলাদেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই থাকবে।

আলোচনার একপর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে ইরানের ডেপুটি স্পিকার, ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্যরা এবং তেহরানে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us