• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:২৩:৫৬ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

আজ স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে যুক্তরাষ্ট্র

৪ জুলাই ২০২৬ সকাল ০৮:১৮:৩৯

আজ স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক মেরুকরণ, গভীর বিভাজন এবং পারস্পরিক অবিশ্বাসের আবহে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে যুক্তরাষ্ট্র। ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণার (ডিক্লারেশন অব ইনডিপেন্ডেন্স) আড়াই শ’ বছর পূর্তিতে দেশজুড়ে উৎসবের আয়োজন থাকলেও এর পাশাপাশি স্পষ্ট হয়ে উঠেছে দেশটির চলমান রাজনৈতিক বিভক্তির চিত্র।

সম্প্রতি প্রকাশিত এপি-নোরকের এক জনমত জরিপে দেখা গেছে, মাত্র ৪৪ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা দেশ। বাকি উত্তরদাতাদের মতে, বিশ্বের অন্য দেশগুলোও যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো হতে পারে। জরিপটি দেশটির নাগরিকদের মধ্যে জাতীয় আত্মবিশ্বাসের ঘাটতি এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের ইঙ্গিত দিয়েছে।

স্বাধীনতার ২৫০ বছর পূর্তির জাতীয় আয়োজন নিয়েও তৈরি হয়েছে রাজনৈতিক মতপার্থক্য। এক দশক আগে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সমর্থনে গঠিত ‘আমেরিকা২৫০’ গ্রুপকে এ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে পৃথক ‘ফ্রিডম২৫০’ গ্রুপ গঠন করে উৎসবের মূল আয়োজন নিজের নিয়ন্ত্রণে নেন।

ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্পের তত্ত্বাবধানে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’কে সমালোচকরা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন। ট্রাম্প নিজেকে এ আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরে নিজের রাজনৈতিক সাফল্য নিয়ে বক্তব্য দেন। এছাড়া ৪ জুলাইয়ের রাষ্ট্রীয় অনুষ্ঠানকে ‘সবচেয়ে জাঁকজমকপূর্ণ ট্রাম্প শোভাযাত্রা’ করার ঘোষণার পর কয়েকজন তারকাশিল্পী অনুষ্ঠানটি বয়কট করেন।

অন্যদিকে, কংগ্রেস-সমর্থিত ‘আমেরিকা২৫০’ গ্রুপ স্বাধীনতার এই মাইলফলক স্মরণে ফিলাডেলফিয়ায় একটি বিশেষ টাইম ক্যাপসুল মাটির নিচে সংরক্ষণ করছে। ২২৭৬ সালে খোলা হবে এমন এই ক্যাপসুলে রাখা হয়েছে বর্তমান সময়ের একটি বেসবল লাইনআপ, বিভিন্ন অঙ্গরাজ্যের স্মারক এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্বাক্ষর করা একটি পকেট সংবিধান।

জাতীয় পর্যায়ের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও স্থানীয়ভাবে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে প্যারেড, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা এবং কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন করেছেন সাধারণ মার্কিন নাগরিকরা।

স্বাধীনতার ২৫০ বছর পূর্তির উৎসব তাই একদিকে যেমন ইতিহাস ও ঐতিহ্যের উদযাপন, অন্যদিকে তেমনি যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও অভ্যন্তরীণ বিভাজনেরও প্রতিফলন হয়ে উঠেছে।

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us