• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৮:৪৮:৪৬ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

৪ জুলাই ২০২৬ সকাল ০৭:৪৮:৩৮

চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের কাছ থেকে বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান ক্রয় এবং তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহযোগিতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটি বলেছে, তারা প্রতিবেশী অঞ্চলের সব ধরনের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবে।

৩ জুলাই শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন দেশটির মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বাংলাদেশের সম্ভাব্য জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা আমাদের প্রতিবেশী অঞ্চলের সব পরিস্থিতির ওপর কড়া নজর রাখি এবং প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করি।”

ব্রিফিংয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহযোগিতা নিয়েও প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে ভারতের উন্নয়ন সহায়তা একটি পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপের ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি নিয়মিত পর্যালোচনা করা হয়।”

তিনি আরও বলেন, “তিস্তা নদী প্রকল্প নিয়ে আমাদের অবস্থান ইতোমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা ইস্যুতে আমাদের সামগ্রিক পদক্ষেপে সংশ্লিষ্ট সব ধরনের পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ বিবেচনায় রাখা হবে।”

উল্লেখ্য, গত সপ্তাহে চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

এদিকে, ভারত এ প্রকল্পকে নিজেদের কৌশলগত স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে বিবেচনা করছে। তবে চীনের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তাদের সহযোগিতামূলক সম্পর্ক কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়।

সূত্র: এএনআই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us