• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৫১:২৬ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

কেপ ভার্দে আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল: মেসি

৪ জুলাই ২০২৬ সকাল ০৮:৪৫:০৪

কেপ ভার্দে আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল: মেসি

স্পোর্টস ডেস্ক: কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই শেষে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর প্রতিপক্ষের প্রশংসা করতে কার্পণ্য করেননি অধিনায়ক লিওনেল মেসি। তিনি স্বীকার করেছেন, আফ্রিকার দলটি পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল।

৪ জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে অতিরিক্ত সময়ের লড়াই শেষে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের ২৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। তবে প্রথম গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেন তিনি।

ম্যাচ শেষে মেসি বলেন, “ওরা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আমাদের প্রচুর খাটিয়েছে, কারণ আমরা ওদের ওপর ঠিকমতো প্রেসিং করতে পারছিলাম না। আমরা সবচেয়ে কঠিন কাজটাই করেছিলাম—প্রথম গোলটা পেয়েছিলাম। ভেবেছিলাম, এরপর আমাদের স্বাভাবিক ছন্দ ফিরে আসবে এবং আমরা আরও স্বস্তিতে খেলতে পারব। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, রক্ষণাত্মক হয়ে পড়ি এবং কার্যকরভাবে প্রেসিং করতে পারিনি। ওরা নিজেদের শক্তিকে শতভাগ কাজে লাগিয়েছে।”

দলের কৌশলগত দুর্বলতার কথাও তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর ভাষায়, “আমরা তাদের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারিনি। মাঠে আমাদের লাইনগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। ডিফেন্সিভ পিভট থেকে সেন্টার-ব্যাককে মুক্ত করতে চাইলেও অবস্থান বদলাতে দেরি হচ্ছিল। ফলে আমরা অগোছালো হয়ে পড়ি এবং ওরা মাঠে যেন একজন অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা পেয়ে যায়।”

তবে শেষ পর্যন্ত সেট-পিস থেকে জয়সূচক গোল আসায় স্বস্তি প্রকাশ করেন মেসি। তিনি বলেন, “আজ আমরা সেট-পিসের গুরুত্ব দেখেছি। সাম্প্রতিক সময়ে এই জায়গা থেকে আমরা গোল পাচ্ছিলাম না। অথচ এমন ম্যাচে সেট-পিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে ভালো হেড করতে পারে এমন কয়েকজন খেলোয়াড় আছে, আর সৌভাগ্যবশত আজ আমরা সেই সুযোগ কাজে লাগাতে পেরেছি।”

কঠিন এই জয় দিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও পরের ম্যাচগুলোতে আরও সংগঠিত ফুটবল খেলার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

সূত্র: এপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us