• ঢাকা
  • |
  • রবিবার ৪ঠা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:১৫:৩০ (19-Jul-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

১৯ জুলাই ২০২৬ সকাল ০৯:২৬:১৫

যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেনির

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, তেহরান এবং তার আঞ্চলিক মিত্ররা যুক্তরাষ্ট্রকে ‘অবিস্মরণীয় শিক্ষা’ দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বারবার লঙ্ঘন করেছে।

১৮ জুলাই শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো কার্যকারিতা বা বিশ্বাসযোগ্যতা নেই।

বিবৃতিতে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টি, আধিপত্যবাদ এবং সামরিক আগ্রাসন দেশটির নীতির অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরও বাড়াতে চায়, তাহলে ইরান ও ‘প্রতিরোধ ফ্রন্ট’ তার উপযুক্ত জবাব দেবে।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে টানা অভিযান চালানো হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী ইরানে ধারাবাহিকভাবে সামরিক অভিযান অব্যাহত রেখেছে।

অন্যদিকে, ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনী হামলা অব্যাহত রাখলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে যেতে বাধ্য হবে।

শুক্রবার রাতের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালিয়ে যায়, তাহলে ইরান শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না; বরং পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নেবে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us