আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের পর ভারতের বিমানবাহিনীর সক্রিয় রাফাল যুদ্ধবিমানের সংখ্যা কমেছে। ফ্রান্সের তৈরি ৩৬টি রাফাল কেনার পর বর্তমানে ভারতের বহরে সক্রিয় রয়েছে ৩২টি। অর্থাৎ চারটি যুদ্ধবিমানের হিসাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ব্রিটিশ বিমানবিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর সক্ষমতা ও যুদ্ধবিমানের বহরের হিসাব প্রকাশ করা হয়েছে। খবর দ্যা ডন-এর।
এ প্রতিবেদন পাকিস্তানের সেই দাবিকে নতুন করে আলোচনায় এনেছে, যেখানে দেশটি বলেছিল, সংঘাতের সময় ভারতের চারটি রাফালসহ অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
২০১৬ সালে ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। চুক্তির মূল্য ছিল প্রায় ৮৮০ কোটি ডলার। এর বাইরে আরও ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা রয়েছে দেশটির।
২০২৫ সালের মে মাসে ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘাত শুরু হয়। হামলার পেছনে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে অভিযোগ করে ভারত। তবে এ অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ।
সংঘাতে দুই দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহার করে। এতে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে এবং দুই দেশের বিমানঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সংঘাতের পর পাকিস্তান দাবি করে, তাদের হামলায় ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর মধ্যে রাফালও ছিল। ভারত কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলেও পাকিস্তানের ছয়টি বিমান ভূপাতিত করার দাবি প্রত্যাখ্যান করে।
সে সময় সিএনএনকে দেওয়া বক্তব্যে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা অন্তত একটি ভারতীয় রাফাল ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। একাধিক রাফাল ধ্বংস হয়েছে কি না, তা খতিয়ে দেখছিল ফরাসি কর্তৃপক্ষ।
চলতি বছরের মে মাসে পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, সংঘাতে তাদের হামলায় ভারতের চারটি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এ ছাড়া একটি চালকবিহীন আকাশযান ধ্বংসের দাবিও করে তারা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে ভারত-পাকিস্তান সংঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছেন। গত ফেব্রুয়ারিতে তাঁর দেওয়া হিসাব অনুযায়ী, এ সংখ্যা ছিল ১০টি। এর আগে তিনি পাঁচ, সাত ও আটটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বলেছিলেন।
তবে সংঘাতে ঠিক কতটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তা নিয়ে দুই দেশের বক্তব্যে এখনো মতপার্থক্য রয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available