আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলার খবরে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
২০ নভেম্বর শুক্রবার রয়টার্সের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৯ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৯২ ডলার ৭৭ সেন্টে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের ডিসেম্বর সরবরাহের চুক্তির দাম ২৫ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ৪৬ সেন্ট হয়েছে।
এর আগে বৃহস্পতিবার লেনদেন শেষে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে শুক্রবার মধ্যপ্রাচ্যে নতুন করে সরবরাহ বিঘ্নের আশঙ্কা তৈরি হওয়ায় বাজারে কেনার প্রবণতা বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই দিনে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। এসব ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের মন্ত্রীরা ২০২৭ সালের তেল উৎপাদন নীতি নির্ধারণে বৈঠকে বসবেন। উৎপাদন কমানোর সমন্বিত সিদ্ধান্ত অব্যাহত থাকতে পারে—এমন প্রত্যাশাও তেলের বাজারে দাম বাড়াতে ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available