• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:০৪:০৯ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

রিয়াদে ইনভেস্টমেন্ট টাওয়ারে হুতিদের হামলা

২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫০:৩৬

রিয়াদে ইনভেস্টমেন্ট টাওয়ারে হুতিদের হামলা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে (কেএএফডি) অবস্থিত একটি সুউচ্চ ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে ভবনটির কয়েকটি তলা ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর পিআইএফ টাওয়ার। এটি রিয়াদের সবচেয়ে উঁচু ভবন। এ খবর জানিয়েছে আলজাজিরা।

১৯ নভেম্বর বৃহস্পতিবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, হুতিদের হামলায় টাওয়ারটির কয়েকটি তলা এবং আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পর রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

আরও পড়ুন

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আইজেনকোটের নতুন কৌশল

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ ও বৈধ অধিকার সৌদি আরবের রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন এবং এ হামলার নিন্দা জানানোর আহ্বান জানানো হয়েছে।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এক্সে জানান, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে তাদের বাহিনী। কয়েক ঘণ্টা পর আরেক পোস্টে তিনি জানান, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এ ছাড়া রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণকেন্দ্রও ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিকবার জরুরি সতর্কতা জারি করে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। অন্যদিকে, একই দিন সকালে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় সৌদি যুদ্ধবিমান।

আরও পড়ুন

রোহিঙ্গাদের দীর্ঘদিনের ভোগান্তির স্বীকৃতি আইসিজের রায়: এইচআরডব্লিউ

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিমানবন্দর, তেল স্থাপনা ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুতিরা। গত ৮ নভেম্বর রিয়াদে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার দাবি করে তারা। এর আগে অক্টোবরে দাহরানে আরামকোর সদর দপ্তরও হামলায় ক্ষতিগ্রস্ত হয়। একই মাসে রিয়াদ বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলায় ১৮ জন নিহত হন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৭১৫টি সামরিক অভিযান চালানো হয়েছে। এসব অভিযানের মধ্যে ছিল ১৫টি বিমান হামলা, ৩৬টি ড্রোন হামলা, ৩৩টি রকেট হামলা এবং ৬৩১টি গোলন্দাজ হামলা।

চলমান সংঘাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতিরও অবনতি হচ্ছে। বৃহস্পতিবার জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানায়, নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর থেকে ১ লাখ ৭৪ হাজার শিশুসহ ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

আরও পড়ুন

আইসিজের রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আগস্টে শুরু হওয়া সংঘাতে ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন।

এদিকে, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল গত বুধবার নতুন একটি আইন জারি করে হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এর মাধ্যমে গোষ্ঠীটির কর্মকাণ্ড ও অর্থায়নকে অপরাধ হিসেবে গণ্য করার আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ নভেম্বর, ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৩৩






আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২০ নভেম্বর ২০২৬)
২০ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৯:২১