পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে উদ্বিগ্ন ভারত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের কাছ থেকে পাকিস্তান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করলে তা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। তবে এমন পরিস্থিতি মোকাবিলায় ভারতের প্রয়োজনীয় সক্ষমতা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।৩ অক্টোবর শনিবার ভারতের বিমানবাহিনী দিবস উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগামী ৮ অক্টোবর ভারতে বিমানবাহিনী দিবস পালিত হবে।এ পি সিং বলেন, পাকিস্তান চীনের তৈরি জে-৩৫ যুদ্ধবিমান সংগ্রহ করলে তা ভারতের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় ভারতকে নিজেদের সক্ষমতা আরও বাড়াতে হবে।ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান বহর শক্তিশালী করতে বছরে ৩৬ থেকে ৪০টি নতুন যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে তেজসের নতুন সংস্করণ, রাফাল এবং ভবিষ্যতে উন্নত হালকা যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।দূরপাল্লার আকাশযুদ্ধ সক্ষমতা বাড়াতেও কাজ করছে ভারত। এ জন্য অ্যাস্ট্রা-১, অ্যাস্ট্রা-২ ও অ্যাস্ট্রা-৩ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উৎপাদন চলছে। অ্যাস্ট্রা-৩ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫০ কিলোমিটারের বেশি হতে পারে বলে জানান তিনি।এ ছাড়া রাশিয়ার আর-৩৭এম ও ফ্রান্সের মেটিওর ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়ও বিবেচনা করছে ভারত।ভারতীয় বিমানবাহিনী প্রধান বলেন, প্রতিপক্ষের হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এলে ভারতকেও দ্রুত নিজেদের উন্নত যুদ্ধবিমান কর্মসূচি এগিয়ে নিতে হবে। পাশাপাশি প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থাও নেওয়া হবে।সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস