• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:০০:৫৫ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৫৫:৫৮

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে
হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে আগুন। ছবি: সংগৃতীত

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডার ব্যবস্থা। এর জবাবে হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে কুয়েতে ড্রোন হামলার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টা চললেও সংঘাতের বিস্তৃতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

১৭ নভেম্বর মঙ্গলবার আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

কুয়েতের সশস্ত্র বাহিনী মঙ্গলবার রাতে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুতামূলক ড্রোন হামলার’ জবাব দিচ্ছে। এ সময় সাধারণ মানুষকে নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

এপেক সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন পুতিন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, ‘শোনা যাওয়া যেকোনো বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক শত্রুতামূলক হামলা প্রতিহত করার ফল।’

তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কুয়েতের সেনাবাহিনী।

বাহরাইনে ইরানি হামলা, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের পাল্টা আঘাত

আরও পড়ুন

প্রেমের টানে কানাডার নারী ভারতে, হলো না বিয়ে

এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার খবর আসে। এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেশটির হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমদ নাফিসি বলেন, ‘কেশম দ্বীপের বিভিন্ন স্থানে আমেরিকান হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকার কোনো ক্ষতি হয়নি।’

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ সংস্থাগুলো পূর্ণ সতর্কতায় আছে। তবে ইরনার প্রতিবেদনে মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের খবর দেওয়া হয়।

আরও পড়ুন

ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৮, আহত ২০

একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থা লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোনগুলো ‘মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে’।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, ‘মার্কিন সামরিক ড্রোন কর্তৃক ইরানের আকাশসীমা বারবার লঙ্ঘনের’ জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত রাডার ব্যবস্থার ওপর ড্রোন দিয়ে একটি ‘নির্ভুল অভিযান’ চালানো হয়েছে।

আরও পড়ুন

‘জীবিত না-ও ফিরতে পারি’, খোলা চিঠিতে ইমরান খান

বাহরাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। দেশটির রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে এএফপি। বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

এ নিয়ে পাঁচ দিনের মধ্যে বাহরাইনে তৃতীয়বারের মতো ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটল। এর আগে কয়েক সপ্তাহ সেখানে এ ধরনের হামলার বিরতি ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বেশিরভাগই শিয়া ধর্মীয় নেতা।

আরও পড়ুন

ইরান পরিস্থিতিকে ‘অনন্ত যুদ্ধে’ পরিণত হতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা, নাবিকদের উদ্ধার

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, মঙ্গলবার প্রণালিটি অতিক্রমের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী প্রধান নৌপথগুলো মাইনমুক্ত করার দাবি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে, সেখানে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে এবং বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে চলাচলে সহায়তা করছে।

নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ডের তথ্যমতে, সোমবার ওমানের খাসাব থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে পানামার পতাকাবাহী তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী ট্যাংকার ‘তারা গ্যাস’ আক্রান্ত হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে জাহাজটির ২৫ জন নাবিকের সবাই নিরাপদে থাকার কথা জানানো হলেও পরে দ্বিতীয়বার হামলার খবর আসে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা জানায়, দ্বিতীয় হামলার পর জাহাজটির নাবিকদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না।

তবে রয়টার্সের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ওমানের কর্তৃপক্ষ জাহাজটির ২৪ জন নাবিককে উদ্ধার করেছে। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নাবিকদের মধ্যে সবাই ভারতীয় ছিলেন বলে জানা গেছে।

এ ছাড়া সোমবার ওমান উপকূলে পানামার পতাকাবাহী আরেকটি ট্যাংকার ‘অন ফিনিক্স’ অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কূটনৈতিক তৎপরতা অব্যাহত

চলমান সংঘাতের মধ্যে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ওমানের রাজধানী মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি নৌচলাচলের নিরাপত্তা এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে সোমবার যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে।

এদিকে বৃহস্পতিবার চীনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

সব মিলিয়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা, উপসাগরীয় দেশগুলোতে হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৮