আন্তর্জাতিক ডেস্ক: এবার হামলার শিকার হয়েছে মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সৌদি আরবের মদিনা শহর। হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির জন্য সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে আবারও হামলা হয়েছে।
একই সময়ে দেশটির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
৯ নভেম্বর সোমবার মদিনা অঞ্চলে পাইপলাইনটিতে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলায় সীমিত আকারে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেউ হতাহত হননি এবং পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে হামলার দায় কারা নিয়েছে, তা জানানো হয়নি।
এদিকে ১০ নভেম্বর মঙ্গলবার রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। এ সময় বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। পরে বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, বিপদ কেটে গেছে।
এর আগে সোমবার রাতেও দক্ষিণ সৌদি আরবের দিকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে জোট। হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সৌদি আরব প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল ইয়ানবু বন্দরে পাঠাচ্ছে এই ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে। ফলে গুরুত্বপূর্ণ এই অবকাঠামোয় ধারাবাহিক হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
এটিভি/এসটিও
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available