• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৪০:০৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বিশ্ব ‘চরম জলবায়ু পরিস্থিতির যুগে’ প্রবেশ করেছে: জাতিসংঘ মহাসচিব

১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩২:৫৮

বিশ্ব ‘চরম জলবায়ু পরিস্থিতির যুগে’ প্রবেশ করেছে: জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্ব এখন এমন এক নতুন বাস্তবতায় প্রবেশ করছে, যেখানে আবহাওয়ার চরম ভাবাপন্ন আচরণই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াচ্ছে। তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ৩১) বিশ্বনেতাদের এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

৯ নভেম্বর সোমবার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে আগে থেকেই অতিমাত্রায় উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীর ওপর আঘাত হানছে অত্যন্ত শক্তিশালী এল নিনো।’

তিনি বলেন, ‘আমরা জলবায়ুর চরম ভাবাপন্নতার এক নতুন যুগে প্রবেশ করেছি।’

আরও পড়ুন

৬টি দেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে বিশ্বনেতারা যখন আনতালিয়ায় সমবেত হয়েছেন, তখন গুতেরেস তাদের দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ন্যায়সংগত উত্তরণ ত্বরান্বিত করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) ৯ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, ২০২৬ সালেও বিশ্বজুড়ে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা, বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলা

সংস্থাটি জানায়, রেকর্ড সংরক্ষণ শুরুর পর গত ১২ বছরের প্রতিটিই ছিল বিশ্বের উষ্ণতম ১২ বছরের মধ্যে। চলতি বছরও ইতিহাসের উষ্ণতম বছরগুলোর একটি হতে যাচ্ছে।

সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে-

ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাউলো জেনেভায় সাংবাদিকদের বলেন, আমরা যা দেখছি, তা ‘সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে’ কথাটির নতুন অর্থ তৈরি করেছে।

আরও পড়ুন

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৭

তিনি সতর্ক করে বলেন, বর্তমানে অত্যন্ত শক্তিশালী এল নিনো আগামী বছর পর্যন্ত আরও তাপপ্রবাহ ও চরম আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, ‘২০২৭ সালেও আরেকটি তাপমাত্রার রেকর্ড ভাঙা বছরের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’

ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রাক-শিল্পযুগের গড় তাপমাত্রার চেয়ে প্রায় ১.৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

আরও পড়ুন

কোনও হুমকির কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

চলতি বছরের এল নিনো অন্তত ১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী হতে পারে। ফলে বছরের শেষ নাগাদ তাপমাত্রা আরও বাড়তে পারে।

ডব্লিউএমওর জলবায়ু তথ্যবিষয়ক প্রধান জন কেনেড সাংবাদিকদের বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সাল রেকর্ড করা উষ্ণতম চার বছরের মধ্যে স্থান পেতে পারে। তবে তিনি বলেন, ‘এল নিনো বিকশিত হওয়ায় চূড়ান্ত হিসাব প্রকাশের পর দেখা যেতে পারে, আমরা উষ্ণতম বছরের তালিকার শীর্ষের কাছাকাছি রয়েছি।’

সাউলো বলেন, প্রাকৃতিকভাবে সৃষ্ট এ আবহাওয়াগত ঘটনা সমুদ্র থেকে তাপ নির্গত করে। এ বছর সমুদ্রের তাপমাত্রা পরিমাপ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন

চীনের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৪

তিনি বলেন, গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে অর্ধেক ডিগ্রি সেলসিয়াস বেশি হলে এল নিনো পরিস্থিতি ঘোষণা করা হয়। তবে এখন থেকে জানুয়ারি পর্যন্ত এ তাপমাত্রা গড়ের চেয়ে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ডব্লিউএমও।

সংস্থাটি আরও জানিয়েছে, বিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মিঠাপানির পরিমাণ কমছে এবং হিমবাহগুলো দীর্ঘদিনের ধারাবাহিকতায় সংকুচিত হচ্ছে।

ডব্লিউএমওর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে হিমবাহের যে পরিমাণ বরফ গলেছে, তা দিয়ে ওই বছর প্রতি সেকেন্ডে পাঁচটি অলিম্পিক সুইমিং পুল পূর্ণ করা সম্ভব হতো।

সাউলো বলেন, ‘আমরা আবহাওয়াকে আরও চরম করে তুলছি। এল নিনো পরিস্থিতি ঝুঁকি আরও বাড়িয়ে দেবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘তাপপ্রবাহ, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিপাত আমাদের ঐতিহাসিক পূর্বাভাসের তুলনায় অনেক দ্রুত তীব্র হয়ে উঠছে।’

ইতিবাচক দিক হিসেবে ডব্লিউএমও জানিয়েছে, একাধিক ধরনের দুর্যোগের আগাম সতর্কবার্তা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা থাকা দেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৫ সালে এ ধরনের ব্যবস্থা ছিল ৫৫টি দেশে। গত বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬টিতে।

এ ধরনের সতর্কীকরণ ব্যবস্থা কার্যকর রাখতে প্রয়োজনীয় বৈশ্বিক পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ও পূর্বাভাস কার্যক্রমে টেকসই বিনিয়োগ বাড়ানোর জন্য কপ-৩১ সম্মেলনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাউলো বলেন, ‘আমরা চোখ বন্ধ করে চলার ঝুঁকি নিতে পারি না।’ বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে
দেশজুড়ে বজ্রবৃষ্টি হতে পারে
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৮:০০

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১১

দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৭

ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা
ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা
১০ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৩৮